বগুড়া ডাকঘরে নৈশপ্রহরীর দায়িত্বে থাকা অফিস সহায়ক প্রশান্ত আচার্যকে (৪৩) খুন করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রধান ডাকঘরের ভল্ট কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ২টার পর ডাকাতির চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আজ সোমবার সকালে পুলিশ নিহত প্রশান্তের ছোট ভাই গোবিন্দ আচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পাশাপাশি মিন্টু নামের এক নৈশপ্রহরীকে খুঁজছে পুলিশ। রোববার রাতে প্রশান্তের সঙ্গে মিন্টুর ডিউটি থাকলেও তিনি রাতে আসেননি এবং তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় প্রধান ডাকঘরের অবস্থান। ঈদের ছুটিতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন অফিস সহায়ক প্রশান্ত আচার্য। তাঁর ছোট ভাই গোবিন্দ আচার্য ডাকঘরের অভ্যন্তরে একটি দোকান পরিচালনা করেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি ডাকঘরে এসে তাঁর ভাইকে ডাকতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে গোবিন্দ থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।
সরেজমিনে ঘটনাস্থল দেখা যায়, ডাকঘরের পূর্ব পাশের করিডরে মেঝেতে নিজের বিছানায় প্রশান্তের মরদেহ পড়ে আছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছাড়াও কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে ডান হাত বাঁধা ছিল। দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ট্রেজারি শাখার বিভিন্ন ফাইলপত্র তছনছ করেছে। ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে ভল্টের দরজায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৪ ইঞ্চি প্রস্থ করে কেটে ফেলা হয়েছে। কিন্তু ভল্টের দরজা পুরোপুরি খুলতে পারেনি দুর্বৃত্তরা।
পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে দুর্বৃত্তরা নিহত অফিস সহায়ক প্রশান্তের সহযোগিতায় ভেতরে প্রবেশ করে। দেয়াল টপকিয়ে ডাকঘর চত্বরে প্রবেশ করলেও ভবনের ভেতরে প্রবেশ করতে তাদেরকে কোনো দরজা কাটতে হয়নি। এ ছাড়া প্রশান্ত যেখানে বিছানা করে শুয়ে ছিলেন, সেখানকার কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল।
দুর্বৃত্তরা যেসব ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করেছে তার আলামত দেখে আগে থেকেই প্রস্তুতি নিয়ে ডাকঘরে গেছে বলে সন্দেহ পুলিশের। এ ছাড়া ডাকঘরের সিসিটিভি ফুটেজের ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা ছিল। তবে একটি ক্যামেরায় একজন দুর্বৃত্তকে মুখোশ পরা অবস্থায় ডাকঘর অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা বালিশ চাপা দিয়ে প্রশান্তকে খুন করে। পরে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে। মৃত্যুর আগে দুর্বৃত্তদের সঙ্গে প্রশান্তের কোনো ধস্তাধস্তি হয়েছে, তেমন কোনো নমুনা সেখানে নেই। এ ছাড়া খুন করার পর মাথায় আঘাত করার কারণে রক্তপাত হয়নি।
বগুড়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ঈদের ছুটির কারণে ডাকঘরে কর্মরত তিনজন নৈশপ্রহরী জাহিদুল, বকুল এবং সাইফুল ছুটিতে ছিলেন। এ কারণে অফিস সহায়ক প্রশান্ত এবং তাঁর সঙ্গে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী মিন্টু দায়িত্বে ছিলেন। রোববার রাতে মিন্টু ডিউটিতে আসেননি এবং তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পোস্টমাস্টার বলেন, ‘সামান্য কিছু টাকাপয়সা খোয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানাতে সময় লাগবে।’
এদিকে নিরাপত্তা এবং ঘটনা অনুসন্ধান করতে প্রধান ডাকঘরের পোস্টমাস্টার ছাড়া অন্য কাউকে ডাকঘরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ কারণে ঈদের ছুটির পর সোমবার বেলা ১টা পর্যন্ত প্রথম অফিসে বগুড়া প্রধান ডাকঘরের কার্যক্রম শুরু করা যায়নি।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি ডাকাতির চেষ্টা। দুর্বৃত্তরা ভল্টের কিছু অংশ কাটলেও টাকা কিংবা মূল্যবান কিছু নিতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সুপার আরও বলেন, ‘জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পাশাপাশি ডাকঘরের তিনজন নৈশপ্রহরী থাকার পরেও একজন অফিস সহায়ককে কেন দায়িত্ব পালনে রাখা হলো? সে বিষয়গুলো মাথায় রেখে পুলিশ কাজ করছে।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে