
ময়মনসিংহের ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদক কারবারে জড়িত পারভেজ মিয়া (২৫) ও তাঁর মা পারভীন আক্তারকে (৪০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পারভেজ মিয়া ওই গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে। তাঁদের আটকে রেখে বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আওলাতলী মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ একত্র হন। তাঁরা পারভেজ মিয়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর ও বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার সতর্ক করার পরও তাঁরা কারবার বন্ধ করেননি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, মাদক কারবারিদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। ছোট ছোট ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি—বাড়িতে গিয়ে তাঁরা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।
হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহান বলেন, ‘আমরা একাধিকবার সতর্ক করেছি, কিন্তু কাজ হয়নি। আজ সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্র হয়ে তাঁদের আটক করে। পরে পুলিশ এসে পারভেজ ও তাঁর মাকে হেফাজতে নেয়।’
আওলাতলী মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম বলেন, সারা দেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্র হয়েছেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে আগুন দেওয়া হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ওই বাড়ি থেকে মাদক জব্দ করা হয়েছে। তালিকা করা হচ্ছে। পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। মামলার পর তাঁদের আগামীকাল শনিবার কারাগারে পাঠানো হবে।
বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ওসি বলেন, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। তদন্ত চলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় সাতজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে...
৪ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
৪৪ মিনিট আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায়...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে