
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে সরকারের একটি ভালো উদ্যোগ ‘মিড-ডে মিল’ কর্মসূচি। কিন্তু বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে আধা পাকা ও কাঁচা কলা, পচা ডিম, বাসি পাউরুটিসহ নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ পাওয়া যাচ্ছে দুদিন পরপর।
সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু ঠিকাদারের (খাবার সরবরাহকারী) কারণে ভালো এই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
এর বাইরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা প্রশাসনেরও গাফিলতি রয়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। সরকারের এ মহতী উদ্যোগ কিছু অসাধু ঠিকাদারের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদারকি আরও বাড়াতে হবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, মিড-ডে মিল কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য সহ্য করা হবে না। অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গতকাল আজকের পত্রিকাকে বলেন, মিড-ডে মিলের খাবার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিয়ম ঠেকাতে নজরদারি বাড়ানো, দরপত্র পুনর্বিবেচনা এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠকসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। খাবারের তালিকায় পরিবর্তন আনার বিষয়েও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন-২০২৪-এর তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন এবং শিক্ষক রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।
গত বছরের সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু হয়। খাবারের তালিকায় রয়েছে বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট (বাড়তি পুষ্টিসমৃদ্ধ)। দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ে ৩০ লাখের বেশি শিক্ষার্থীকে এই খাবার দেওয়া হচ্ছে। নির্ধারিত তালিকা অনুযায়ী, শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার বানরুটি ও সেদ্ধ ডিম দেওয়া হয়। সোমবার বানরুটি ও ইউএইচটি দুধ এবং মঙ্গলবার দেওয়া হয় ফর্টিফায়েড বিস্কুট ও কলা। ইউএইচটি (আলট্রা হাই টেম্পারেচার) হলো দুধ সংরক্ষণের পদ্ধতি। এই দুধ প্যাকেট খুলে সরাসরি পান করা যায়।
তবে চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনাও সামনে এসেছে। বরগুনার আমতলীতে পচা কলা, ডিম ও রুটি সরবরাহের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারের বিরুদ্ধে।
এসব ঘটনায় সরকার একাধিক তদন্ত কমিটি গঠন করেছে। নরসিংদীতে সম্প্রতি কয়েকটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে খাবারের মান নিয়ে ঠিকাদারদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মিড-ডে মিল কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া কমানো এবং পাঠে মনোযোগ ধরে রাখা। তিন বছরের জন্য এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতিটি ডিম ১৪ টাকা, কলা ১০ টাকা, বানরুটি ২৫ টাকা, দুধ ২৯ টাকা ও বিস্কুট ১৯ টাকা ধরে হিসাব করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকে আরও ৩৪৮ উপজেলায় এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এতে দেশের প্রায় সব মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার বিদ্যালয় অন্তর্ভুক্ত হবে। নতুন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।
একসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুটজাতীয় খাবার বিতরণ করা হলেও প্রকল্পের মেয়াদ শেষে তা বন্ধ হয়ে যায়। পরে গরম খাবার, বিশেষ করে খিচুড়ি চালুর আলোচনা হলেও শেষ পর্যন্ত বর্তমান খাদ্যতালিকা নির্ধারণ করা হয়।
মিড-ডে মিলের খাবার গ্রহণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন বিদ্যালয়ে পচা বানরুটি, নষ্ট ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ফলে মানসম্মত খাদ্য সরবরাহে ঘাটতির কারণে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়াসহ কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে খাদ্যের মান নিশ্চিত করা জরুরি।
সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মরিয়ম বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় খাদ্যের মান যাচাইয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া খাদ্যের মান, পরিমাণ ও মেয়াদ যাচাই করতে হবে। বানরুটি তাজা ও নরম কি না, ডিমে দুর্গন্ধ বা ফাটল আছে কি না এবং কলা পোকামুক্ত ও সঠিকভাবে পাকা কি না, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুটের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো অবস্থাতেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাদ্যসামগ্রী গ্রহণ না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের খাবার দিলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
জানতে চাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল বলেন, ‘খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়ামাত্রই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাবারের মান রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি।’
বর্তমানে মিড-ডে মিলের আওতায় শিক্ষার্থীদের বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট দেওয়া হলেও খাবারের তালিকায় পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে অতিরিক্ত সচিবের (উন্নয়ন) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, পুষ্টিবিদ ও বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা রয়েছেন।
সার্বিক বিষয়ে রাশেদা কে চৌধূরী বলেন, মিড-ডে মিল কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী উদ্যোগ। এ কর্মসূচির কারণে বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে বলে জানা যাচ্ছে। এটা আশাব্যঞ্জক। এ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত রহিম উদ্দিন (৮০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে...
১৭ মিনিট আগে
অর্থমন্ত্রী বলেন, দেশের যারা হতদরিদ্র এবং যাদের চিকিৎসা করাতে অসুবিধা হচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি (প্রাইভেট) হাসপাতালগুলোর সঙ্গে বিশেষ চুক্তিতে যাচ্ছে। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে, সে জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছে।
২২ মিনিট আগে
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের...
৩৫ মিনিট আগে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের প্রায় ৪ বিলিয়ন ডলার ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। যা টাকার অঙ্কে প্রায় ৪০ হাজার কোটি।’ বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে ঋণাত্মক অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করছে...
৩৮ মিনিট আগে