
কবি শামসুর রাহমানের রাজধানীর শ্যামলীর বাসা। খাটের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন কবি আল মাহমুদ। খাটে বসে তাঁকে দেখছেন শামসুর রাহমান। তাঁর হাতে একটা জিলাপি। বাংলাদেশের দুই প্রধান কবিকে এ রকমই ভিন্ন আবহে পাওয়া যাবে আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের তোলা ছবিতে। বাংলাসাহিত্যের এই দুই শক্তিমান কবিকে একসঙ্গে ফ্রেমবন্দী করেছিলেন তিনি। এ রকম কিছু আলোকচিত্র নিয়ে গতকাল আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে ‘ফটোজিয়াম: লাইফ অব পোয়েট্রি’ শিরোনামের প্রদর্শনী।
শামসুর রাহমান ও আল মাহমুদ দুজনই বাংলা কবিতার নক্ষত্র। তবে কাব্যসাধনার একপর্যায়ে এসে দুজনের রাজনৈতিক মতাদর্শে ফারাক দেখা যায়। নাসির আলী মামুনের তোলা ছবিতে পাওয়া যায় দুজনের পথ ‘দুদিকে বেঁকে যাওয়ার’ আগের কিছু ছবি। কোনো ছবিতে তাঁরা আড্ডা দিচ্ছেন। কোনোটিতে পরস্পরের কাঁধে হাত রাখা। প্রদর্শনীতে দুজনের একক ছবিও কিছু আছে।
প্রদর্শনীর উদ্বোধনের শুরুতে ছিল আলোচনাপর্ব। নাসির আলী মামুন বলেন, ‘আমরা এখানে এসেছি আল মাহমুদ ও শামসুর রাহমানকে উদ্যাপন করতে। শুধু তা-ই নয়, আজ আলোকচিত্রশিল্পের ২০০ বছর পূর্তি হচ্ছে। তারও উদ্যাপন করছি। আলোকচিত্র সভ্যতার আয়না।’
নাসির আলী মামুন জানান, ছবি তোলার জন্য দুই কবিকে একসঙ্গে করার জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি। অবশেষে ২০০৪ সালের ৩১ মে শ্যামলীতে শামসুর রাহমানের বাসায় নিয়ে যাওয়া হয় আল মাহমুদকে। সেখানেই দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দী করেন তিনি। নেন দুজনের সাক্ষাৎকারও।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, আল মাহমুদ ও শামসুর রাহমানের মধ্যে একজন গ্রামবাংলার মধ্যে বেড়ে উঠেছেন, আরেকজন শহরে। দুজনের জীবন গড়ে উঠেছে ভিন্নভাবে। তবে দুজনেরই কাজের বিস্তৃতি ব্যাপক।...এই দুজনকে নিয়ে একসঙ্গে ফটোগ্রাফি করা এবং তার প্রদর্শনী একটা ঐতিহাসিক কাজ।
চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, নাসির আলী মামুন হৃদয় দিয়ে ছবি তোলেন। তাঁর পোর্ট্রেট ফটোগ্রাফিতে সেটি দেখা যায়। ব্যক্তির ভেতরের ব্যক্তিত্বকে তিনি তুলে আনতে পেরেছেন।
নাসির আলী মামুন দীর্ঘদিন ধরেই তাঁর তোলা খ্যাতিমানদের বহু ছবি সংরক্ষণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যাচ্ছেন। গতকালের প্রদর্শনীতেও অতিথিসহ বিশিষ্টজনদের তা স্মরণ করিয়ে দিলেন আরেকবার। তিনি অনুষ্ঠানে উপস্থিত ফরাসি রাষ্ট্রদূতের কাছে আলোকচিত্রের ২০০ বছর উপলক্ষে এই আলোকচিত্র জাদুঘর করায় সহায়তার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে এবং আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া শাম্ব্রোও বক্তব্য দেন।
নাসির আলী মামুনের এটি ৬৬তম একক প্রদর্শনী। এতে ৬০টি আলোকচিত্র ও অপ্রকাশিত ভিডিও রয়েছে। প্রদর্শনী চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১০ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১২ ঘণ্টা আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে