Ajker Patrika

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ মে ২০২৬, ১৯: ১৬
পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পির সৈয়দ তৌহিদুল হুসাইন শাহীন নূরী। ছবি: আজকের পত্রিকা

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট ও অসদাচরণের অভিযোগ তুলেছেন শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ তৌহিদুল হুসাইন শাহীন নূরী। তিনি ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশের ওই তিন সদস্য শরীয়তপুরের নড়িয়া থানায় কর্মরত।

আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সৈয়দ তৌহিদুল হুসাইন শাহীন নূরী এই অভিযোগ করেন। ওই তিন পুলিশ সদস্য হলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুকান্ত এবং উপপরিদর্শক (এসআই) জসিম ও রবিউল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন নূরী দাবি করেন, তিনি সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর ও জাতীয় মানবাধিকার ইউনিটির সহসভাপতি। দীর্ঘদিন ধরে দরবার শরিফে হামলার আশঙ্কা থাকায় তাঁরা নিরাপত্তা জোরদার করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৩ মার্চ রাত ১১টার দিকে নড়িয়া থানার কয়েকজন পুলিশ সদস্য তাঁর বাসায় অভিযান চালান।

শাহীন নূরী অভিযোগ করেন, সুকান্ত, জসিম, রবিউলসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁর বাড়ির মূল ফটক ও কক্ষের দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ঘরের আলমারি ও লকার ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, রেকর্ডিং স্টুডিওর ১০টি হার্ডডিস্ক ও শটগানের গুলির খোসা নিয়ে যান।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযানের সময় শাহীন নূরীর স্ত্রী মারিয়া আক্তার নূরী ও ১৪ বছর বয়সী মেয়ের সঙ্গে অসদাচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে তাঁকে আটক করে নড়িয়া থানায় নেওয়া হয় এবং আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা, অস্ত্র ও মাদক মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।

শাহীন নূরীর ভাষ্য, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে থানায় নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে অস্ত্র ও একটি হত্যা মামলায় আসামি করা হয়। এরপর রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। তিনি আরও বলেন, রিমান্ড চলাকালে তাঁকে খাবার দেওয়া হয়নি এবং পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়। এমনকি খাবার নিয়ে থানায় গেলে তাঁর মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

এ ঘটনায় গত রোববার (১০ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান শাহীন নূরী। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ

ইরানি যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান: প্রতিবেদন

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত