
রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপ-কাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার নাজমুল তারেকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত নাজমুল তারেককে পুনরায় চাকরিতে বহাল করার আদেশ দিয়েছেন।
২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে নাজমুল তারেক টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সে সময় নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় লতা সমাদ্দারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় কার্যক্রম শেষে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তাঁর দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের এক দোকানদারও তাঁর বক্তব্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।
চাকরিতে পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোডে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহলদল সেখানে গিয়ে জানতে পারে, নিহত তুহিন টহলদলে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
১০ মিনিট আগে
পাবনার চাটমোহরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের উচ্চ দামে চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে শ্রমিক সংকট, উচ্চ মজুরি, পানির অভাব ও ফড়িয়াদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগও রয়েছে।
১৪ মিনিট আগে
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হন। পরে তিনি চাল থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
বাহারি টপে সারি সারি সাজানো দেশি-বিদেশি ফুল ও ফলের চারা। বাসাবাড়ির ছাদে ফুল ও ফলের বাগান করতে অনেকে কিনছেন চারা। অস্ট্রেলিয়ান কিং অব ম্যাঙ্গো, সূর্যডিম, ব্যানানা, কিউজাই ও মিয়া বিবিসহ বিভিন্ন প্রকারের আমের চারার দেখা মিলছে মেলায়।
১৮ মিনিট আগে