Ajker Patrika

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও ২ সদস্য গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৪: ৪৭
কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও ২ সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের জিয়ানগর থানার বালিপাড়া গ্রামের মো. লিটন (৩৮) এবং শরীয়তপুরের নড়িয়া থানার শ্রীপাশা গ্রামের মো. ইকবাল হোসেন (৩০)। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় অবস্থিত ‘ইয়াং জি জিয়াং’ নামের একটি চীনা প্রকল্পে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীদের মারধর করে বেঁধে ফেলে এবং পরে অস্ত্রের মুখে প্রকল্পে থাকা চীনা নাগরিকদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয়।

এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিক বাধা দিলে তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতেরা প্রকল্পের কয়েকটি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে।

ঘটনার পরদিন ১৫ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

র‍্যাব-১০ জানায়, ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ১৫ এপ্রিল ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ অভিযানে গ্রেপ্তার দুজনসহ এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। অপর দিকে ইকবাল হোসেনের বিরুদ্ধে ছয়টি চুরির মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

মেয়ে বেঁচে নেই, লাশটা অন্তত পেতে চাই: যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদার বাবা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত