রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২)। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ভুক্তভোগী একজন গার্মেন্টস কারখানার মালিক। গত শনিবার সন্ধ্যায় তিনি তাঁর অফিসে কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে তাঁকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজন অস্ত্র বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তাঁরা অফিসকক্ষের লকার ভাঙচুর করেন এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেন। যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়।
র্যাব-৪ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী রানা। নির্জন এলাকা ও দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে গার্মেন্টসটি টার্গেট করা হয়। আগে থেকেই রানা এলাকা রেকি করেন এবং পরে সহযোগীদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মিরপুর, কাফরুলসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে কালীগঙ্গা নদীর পূর্ব কুমুলী এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘিওর থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি...
১২ মিনিট আগে
রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে ঢামেকে নিয়ে আসা হয়।
২৫ মিনিট আগে
ঢাকঢোলের গর্জন, কাঁসরের শব্দ আর লাঠির ঝলকে এক দিনের জন্য যেন ফিরে এল গ্রামবাংলার হারিয়ে যাওয়া জীবন্ত ঐতিহ্য। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈশাখী মেলা ঘিরে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিণত হয় শিকড়ের টানে ছুটে আসা মানুষের মিলনমেলায়।
২৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে এক নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদের সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা সেতুর আশপাশে দুর্গন্ধ পাচ্ছিল।
১ ঘণ্টা আগে