Ajker Patrika

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ
কর্ণফুলীতে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছে অসাধু চক্র। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার হিড়িক পড়েছে। প্রশাসন বা জমিমালিকের কোনো রকম অনুমতি না নিয়ে অসাধু চক্রটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এসব মাটি বহনে ট্রলি-ট্রাকসহ বিভিন্ন গাড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচা-পাকা সড়ক। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, এলাকার সাধারণ কৃষকদের জমি থেকে প্রভাব খাটিয়ে দিনদুপুরে মাটি কেটে নিয়ে যাচ্ছে চক্রটি। এর মধ্যে সাধারণ মানুষের জমিসহ সরকারি খাসজমির মাটিও লুট করছে তারা।

এ ছাড়া রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে জবরদখল ও জোরপূর্বক মাটি কাটছে। এ রকম চলতে থাকে একসময় কৃষিজমি আর থাকবে না বলেও জানান ভুক্তভোগীরা।

এদিকে আজ শুক্রবার কর্ণফুলী খানার উত্তর বন্দর এলাকার ৩৮ শতক তিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে।

জমির মালিক মো. সাইফুল আলম অভিযোগ করে বলেন, ‘স্থানীয় সৈয়দ ও জহির নামের দুই ব্যক্তি জোরপূর্বক গতকাল থেকে দুটি ডাম্প গাড়ি এবং এক্সকাভেটর দিয়ে অন্যায়ভাবে আমার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

অন্যদিকে অভিযুক্ত জহির বলেন, ‘আমি গাড়ি ভাড়ায় দিয়েছি মাত্র। জমির মালিকদের জন্য এসব মাটি কাটা হচ্ছে। তবে জমির মালিকের পরিচয় তিনি বলতে পারেননি।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ আল নোমান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জমির মাটি লুটের জড়িত সৈয়দ ও জহির পালিয়ে যায়। জব্দ করা হয়েছে মাটি কাটার এক্সকাভেটর (ভেকু)। পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত