মে মাসের পিএমআই সূচক প্রকাশ

ঈদ-পূর্ব ভোক্তা চাহিদার জোয়ারে কৃষি ও উৎপাদন খাতে ফিরেছে প্রাণ, টানা অষ্টম ও নবম মাসে খাত দুটি দেখিয়েছে বিস্তারের ধারা। সেবা খাতও ধরে রেখেছে ইতিবাচক গতি, যা মিলিতভাবে অর্থনীতির সামগ্রিক প্রবাহে ছড়িয়েছে গতি ও আত্মবিশ্বাস। তারই প্রতিফলন—চলতি বছরের মে মাসে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯-এ, যা এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের বিশ্লেষণে অর্থনীতি পুনরুদ্ধারের ইঙ্গিত। তবে ছন্দের এ ফাঁকে থেকে গেছে একটি বিষাদের সুর—নির্মাণ খাত এখনো বের হতে পারেনি স্থবিরতার ঘূর্ণি থেকে।
মূলত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—এ চারটি প্রধান খাত নিয়ে পিএমআই সূচক তৈরি করা হয়, যার মাধ্যমে চলমান অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়। দেশের ব্যবসা ও নীতিনির্ধারণে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে এখন এই সূচক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে উঠছে। যুক্তরাজ্য সরকারের সহায়তা ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহায়তায় দেশে পিএমআই সূচকটি যৌথভাবে তৈরি করে আসছে এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
গতকাল রোববার এমসিসিআইয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর এপ্রিলের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৮ দশমিক ৯-এ উন্নীত হয়েছে। এতে উল্লেখ করা হয়, চলতি বছর মার্চে যেখানে পিএমআই সূচক ছিল ৬১ দশমিক ৭, সেখানে এপ্রিল মাসে তা হঠাৎ নেমে আসে ৫২ দশমিক ৯ পয়েন্টে—অক্টোবরের পর যা ছিল সর্বনিম্ন। মে মাসে ৫৮ দশমিক ৯-এ ফিরে আসা অর্থনীতির কিছুটা পুনরুদ্ধারকেই নির্দেশ করে।
প্রতি মাসের মতো প্রকাশিত এই সূচক পর্যালোচনায় দেখা গেছে, মে মাসে কৃষি, উৎপাদন ও সেবা খাতে গতিময়তা ফিরলেও স্থবির থেকেছে নির্মাণ খাত। বিশেষ করে কৃষি খাত টানা অষ্টম মাসের মতো সম্প্রসারণে রয়েছে, যেখানে নতুন অর্ডার, কর্মসংস্থান, ইনপুট খরচ ও ব্যাকলগ সূচকে উল্লিখিত উন্নতি স্পষ্ট। ঈদ ঘিরে গ্রামীণ চাহিদা ও বাজারে প্রবাহ বৃদ্ধির সঙ্গে এর সরাসরি যোগসূত্র রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
উৎপাদন খাতেও গতিময়তা অব্যাহত রয়েছে। টানা নবম মাসে এ খাত সম্প্রসারণে থাকলেও অর্ডার ব্যাকলগ সূচক টানা ১- মাস সংকোচনের মধ্যেই রয়েছে। যদিও মে মাসে এর ধারা কিছুটা শ্লথ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক অর্ডার পুনরুদ্ধারের আংশিক ইঙ্গিত এটি।
সেবা খাতেও দেখা গেছে ধারাবাহিক সম্প্রসারণ। নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচকে গতিময়তা থাকলেও কর্মসংস্থানের সূচকে রয়েছে স্থবিরতা।
অন্যদিকে, নির্মাণ খাত টানা ৬ মাস সম্প্রসারণে থাকলেও মে মাসে এর অগ্রগতি একরকম থমকে গেছে। নতুন অর্ডার ও কর্মসংস্থান সূচক ফের সংকোচনের ঘেরাটোপে পড়েছে। যদিও নির্মাণ কার্যক্রম ও ব্যাকলগ সূচকে খানিকটা গতি লক্ষ্য করা গেছে, তবে তা খুবই সীমিত।
এ প্রসঙ্গে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, ‘ঈদ মৌসুমে রপ্তানিনির্ভর উৎপাদন খাতের গতি ও কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় চাঙা ভাব জাতীয় অর্থনীতিকে খানিকটা এগিয়ে নিয়েছে। তবে নির্মাণ খাতের স্থবিরতা এখনো উদ্বেগজনক।’

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সম্প্রসারণমূলক বাজেটের মাধ্যমে সরকার একদিকে মূল্যস্ফীতির....
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে দেশটিতে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া প্রবৃদ্ধি ধরে রেখেছে।
১ ঘণ্টা আগে
দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কিছুটা ফিরেছে, বেড়েছে মাথাপিছু আয়ও। তবে একই সঙ্গে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা এবং শিল্প খাতের ধীরগতি অর্থনীতির ভেতরের দুর্বলতাকে সামনে এনেছে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধির এই পুনরুদ্ধার এখনো ভঙ্গুর; কারণ, বেসরকারি বিনিয়োগ ও আস্থার ঘাটতি পুরোপুরি কাটেনি।
৩ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে। চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ...
১০ ঘণ্টা আগে