Ajker Patrika

ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৫: ১৫
ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী ‘দুই থেকে তিন সপ্তাহের’ মধ্যে যুক্তরাষ্ট্র ইরান ছাড়বে। এই ঘোষণার প্রভাব দেখা গেছে বিশ্ববাজারে। কমেছে তেলের দাম। অন্যদিকে পতনমুখী এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান।

আজ বুধবার জাপানের প্রধান পুঁজিবাজার সূচক নিক্কেই ২২৫ বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি (Kospi) সূচক বিকেলের লেনদেনে বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। তবে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শুরুর আগের তুলনায় এই দুটি সূচক এখনো বেশ নিচের অবস্থানে রয়েছে।

বাজারের ঊর্ধ্বগতির ইতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামেও। জুনে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এদিন ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ১০৩ ডলারে কেনাবেচা হয়েছে। এর আগে মে মাসে সরবরাহের জন্য তেলের দাম গত মার্চে রেকর্ড ৬৪ শতাংশ বেড়েছিল। ওই সময় ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

গতকাল মঙ্গলবার ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান এখন ‘চুক্তি করার জন্য ভিক্ষা করছে’। তবে চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের বিদায়ের সময়সূচির ক্ষেত্রে এটি ‘অপ্রাসঙ্গিক’।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ বন্ধে তাঁর দেশের ‘প্রয়োজনীয় সদিচ্ছা’ রয়েছে। তবে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে তিনি সুনির্দিষ্ট কিছু নিশ্চয়তা দাবি করেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণত সব ধরনের জ্বালানির দাম বেড়ে যায়। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নিকোলাস দাহের বলেন, গত মার্চে তেলের দামের এই উল্লম্ফন ছিল ১৯৯০ সালের পর এক মাসে সর্বোচ্চ। ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড় ধরনের ধাক্কা খেয়েছিল।

এই যুদ্ধ এপ্রিল মাসজুড়ে চলতে পারে এই আশঙ্কায় তেলের দাম বেড়ে গিয়েছিল বলে মনে করেন দাহের।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়া এই যুদ্ধে চরম সংকটের মুখে পড়েছে। যুদ্ধের গতিপ্রকৃতির ওপর ভিত্তি করে কয়েক সপ্তাহ ধরে এই দুই দেশের আর্থিক বাজারে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে।

স্যাক্সো ব্যাংকের ওলে হ্যানসেনের মতে, বিশ্বজুড়ে জেট ফুয়েল ও ডিজেলের সংকটের কারণে তেল শোধনাগারগুলো এখন অপরিশোধিত তেল সংগ্রহের জন্য মরিয়া হয়ে প্রতিযোগিতায় নেমেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে লড়াই এখনো থামেনি। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর ঊর্ধ্বতন নেতাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

এ পরিস্থিতিতে আজ বুধবার সন্ধ্যায় এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত