Ajker Patrika

অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২০: ১৭
অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১২ শতাংশ

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৭ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয়।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি মার্কিন ডলার, আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ও সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৭ কোটি ডলার। এই আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এসেছিল ১ হাজার ১৫ কোটি ডলার।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বাড়ে, যা আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা ও ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ফলে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত