ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পুঁজি, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের অর্থনীতিতে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ’। ‘থিংক বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকেরা।
সম্মেলনে প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি দেশে বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসায়িক অংশীদারত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি উদ্যোক্তাদের যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক। তিনি সামিটের লক্ষ্য, পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকেরা জানান, দুই দিনের এ সম্মেলনে প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের পাশাপাশি মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক, আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ নিয়ে মতবিনিময় হবে।
সম্মেলনের আলোচ্যসূচিতে থাকছে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মতো বিষয়। প্যানেল আলোচনা, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশের ব্যবসায়ী ও প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানো সামিটের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক জোরদার এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খোঁজার উদ্যোগ নেওয়া হবে।
সামিটে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার ও প্রস্তুতি শুরু হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনের পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে বৈঠক করেছেন আয়োজকেরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ স্থাপন, পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করে। সামিট আয়োজনে সহযোগিতা করছে বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ ও গ্লোবাল এনআরবি চেম্বার।









