Ajker Patrika

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২০: ৫৫
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু
ছবি: সংগৃহীত

বাংলা কিউআর কোড স্ক্যান করে ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) মধ্যে অর্থ লেনদেনের সুবিধা চালু হয়েছে। নতুন এ সেবার মাধ্যমে একজন গ্রাহক অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই লেনদেন করতে পারছেন। এ ক্ষেত্রে প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না।

আজ রোববার আনুষ্ঠানিকভাবে এ লেনদেনব্যবস্থা চালু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় প্রত্যেক গ্রাহক নিজের জন্য একটি বাংলা কিউআর কোড তৈরি করতে পারবেন। অন্য গ্রাহক সেই কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর অর্থ পাঠাতে পারবেন। ফলে শুধু মোবাইল নম্বর বা হিসাব নম্বরের ওপর নির্ভর না করেই অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।

বাংলা কিউআরের পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাচালক, দোকানি ও সাধারণ মানুষ এ সুবিধার আওতায় আসবেন।

বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে আন্তপ্রতিষ্ঠান লেনদেনের সুযোগ তৈরি হওয়ায় বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরাও এ সুবিধা পাবেন। ফলে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের সংযোগ আরও সহজ হবে।

বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে নগদবিহীন লেনদেন বাড়াতে বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণে কাজ করছে। এ ব্যবস্থায় লেনদেনের খরচ কমানো, দ্রুত অর্থ হিসাবে জমা এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পিটুপি লেনদেনে বাংলা কিউআরের ব্যবহার চালু হওয়ায় দৈনন্দিন ছোট অঙ্কের অর্থ লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পরিধি বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত