
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, আর্থিক খাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের ব্যবহার বাড়াতে যোগ্যতা, সক্ষমতা ও উপযুক্ততা যাচাইয়ের মাধ্যমে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হবে। এর মাধ্যমে খেলাপি ঋণ আদায় জোরদারের পাশাপাশি আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যাও কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, কোনো ব্যাংক বা ঋণগ্রহীতা আদালতে যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত যেকোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে পারবেন। এ ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে। শুধু নতুন বিরোধ নয়, আদালতে চলমান মামলাতেও পক্ষগুলো পারস্পরিক সম্মতিতে মধ্যস্থতার মাধ্যমে সমাধানে আসতে পারবে।
নীতিমালা অনুযায়ী, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তির আবেদনকারীকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০, পার্টনারশিপ অ্যাক্ট, ১৯৩২ অথবা কোম্পানি আইন, ১৯৯৪-এর আওতায় নিবন্ধিত হতে হবে। প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকতে হবে। পাশাপাশি আবেদন করার সময় অন্তত তিন বছরের ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠান বা এর পরিচালনা পর্ষদের কোনো সদস্য কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা দেউলিয়া, ঋণখেলাপি, প্রতারণা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং বা গুরুতর কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির যোগ্য হবে না। থাকতে হবে অন্তত তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং এক বা একাধিক স্বতন্ত্র ব্যাংক হিসাব। প্রতিষ্ঠানের সব আর্থিক লেনদেন ওই হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের যাচাই-বাছাইয়ে আবেদনকারী প্রতিষ্ঠানকে ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৭০ নম্বর পেতে হবে। আবেদন, দাখিল করা নথি এবং প্রয়োজনীয় যাচাই বা পরিদর্শনের ফল সন্তোষজনক হলে প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের আবেদন করতে হবে। সন্তুষ্ট হলে বাংলাদেশ ব্যাংক আরও তিন বছরের জন্য তালিকাভুক্তি নবায়ন করতে পারবে।
নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের অধীনে এক বা একাধিক মধ্যস্থতাকারী প্যানেল থাকতে হবে। প্রতিটি প্যানেলে কমপক্ষে পাঁচজন মধ্যস্থতাকারী থাকতে হবে। এর মধ্যে একজন হিসাববিদ ও একজন আইন বিশেষজ্ঞ থাকা বাধ্যতামূলক।
মধ্যস্থতাকারীদের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আইন পেশা, হিসাবরক্ষণ, নিরীক্ষা বা বিচারকার্যে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট খাতের অন্যান্য বিশেষজ্ঞকেও প্যানেলে যুক্ত করা যাবে। তবে রাজনৈতিকভাবে প্রভাবশালী কোনো ব্যক্তিকে প্যানেলে রাখা যাবে না।
মধ্যস্থতাকারীদের নিরপেক্ষতা, স্বার্থের সংঘাত এড়ানো, গোপনীয়তা রক্ষা ও আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, আবেদনে মিথ্যা, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য দেওয়া, পেশাগত নৈতিকতা লঙ্ঘন, গোপনীয়তা ভঙ্গ বা স্বার্থের সংঘাত গোপন করলে তালিকাভুক্তি স্থগিত করা যাবে। গুরুতর অনিয়ম, দুর্নীতি, প্রতারণা বা অসদাচরণে জড়িত হওয়া, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করা কিংবা এডিআর ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের জন্য তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতাও থাকবে বাংলাদেশ ব্যাংকের।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতি ক্যালেন্ডার বছর শেষ হওয়ার পর দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে বার্ষিক প্রতিবেদন দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের কার্যালয়, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, নথিপত্র, হিসাব-রেকর্ড ও এডিআর কার্যক্রম পরিদর্শন করতে পারবে।
এ ছাড়া কোনো পক্ষ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সেবা নিয়ে অভিযোগ করলে তা বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে জানাতে পারবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সতর্কীকরণ, আর্থিক জরিমানা, তালিকাভুক্তি স্থগিত বা বাতিলসহ ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
৭ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
৭ ঘণ্টা আগে
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে।
৭ ঘণ্টা আগে
চীনের বিশাল ভোক্তা বাজারে ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠেয় মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬-এ দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে