
ব্যাংক খাতের দুর্বলতা, সীমিত রাজস্ব সক্ষমতা, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাণিজ্য ঝুঁকি—এই চার কাঠামোগত দুর্বলতায় আগামী কয়েক বছর বাংলাদেশের অর্থনীতি ধীরগতিতে চলবে বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। এসব ঝুঁকি বিবেচনায় সংস্থাটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি সার্বভৌম ঋণমানের পূর্বাভাস (আউটলুক) ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছে। তবে দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি প্লাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘বি’ অপরিবর্তিত রাখা হয়েছে।
গত সোমবার প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে এসঅ্যান্ডপি বলেছে, ব্যাংক খাতের দুর্বলতা ও আর্থিক খাতের ভারসাম্যহীনতা অর্থনৈতিক পুনরুদ্ধারকে দীর্ঘায়িত করতে পারে। একই সঙ্গে সরকারের সীমিত রাজস্ব আহরণ সক্ষমতা, উচ্চ সুদ ব্যয় এবং দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির ধাক্কা মোকাবিলার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা যুক্ত হয়ে আগামী ১২ থেকে ১৮ মাসে বাংলাদেশের প্রবৃদ্ধি ও বৈদেশিক অবস্থানের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
এসঅ্যান্ডপির পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে। ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হওয়ার ঝুঁকি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মাথাপিছু আয় এখনো তুলনামূলক কম এবং রাজস্ব আহরণের সক্ষমতাও দুর্বল। সুদ পরিশোধে সরকারের ব্যয় বাড়ায় আর্থিক নীতি পরিচালনার ক্ষেত্রও সংকুচিত হয়েছে। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাও দেশের ঋণমানের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
এসঅ্যান্ডপির মতে, বাংলাদেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করবে প্রবাসী আয়, তৈরি পোশাক রপ্তানির পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তার ওপর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়লেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকলে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বেড়ে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে প্রবাসী আয় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। তবে তৈরি পোশাক রপ্তানির দুর্বলতা এবং উচ্চ জ্বালানি ব্যয়ের কারণে আগামী কয়েক বছরে চলতি হিসাবের ঘাটতি কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
এসঅ্যান্ডপি সতর্ক করে বলেছে, আগামী দুই থেকে তিন বছরে বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি একই আয়ের দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেলে কিংবা বৈদেশিক অবস্থানের বড় অবনতি হলে দেশের সার্বভৌম ঋণমান আরও কমানো হতে পারে। একই ঝুঁকি তৈরি হবে চলতি হিসাবের ঘাটতি বেড়ে গেলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য উন্নতি না হলে অথবা বৈদেশিক ঋণের চাপ বৃদ্ধি পেলে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক সংকটের পর বাংলাদেশের অর্থনীতি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। একই সময়ে খেলাপি ঋণের চাপ মোকাবিলায় ব্যাংক খাতে বড় ধরনের পুনর্গঠন চলছে, যা স্বল্প মেয়াদে আর্থিক খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তায় মানুষের ক্রয়ক্ষমতাও চাপে রয়েছে। জ্বালানি ও বিদ্যুতের উচ্চ মূল্য ব্যক্তিগত ভোগব্যয় এবং অভ্যন্তরীণ চাহিদার পুনরুদ্ধারকে ধীর করতে পারে। তবে কম উৎপাদন ব্যয় ও পর্যাপ্ত শ্রমশক্তির কারণে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখনো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে বলে মনে করছে এসঅ্যান্ডপি। যদিও বৈশ্বিক চাহিদার মিশ্র প্রবণতায় ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি প্রত্যাশিত গতি পায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্কহার এখনো নির্ধারিত হয়নি। ২৪ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। দেশের মোট পণ্য রপ্তানির ৮৫ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসে। ফলে শুল্ক-সংক্রান্ত এই অনিশ্চয়তা রপ্তানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
এর আগে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংসও বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছিল। এসঅ্যান্ডপির মতে, বাংলাদেশের বৈদেশিক খাতের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহায়তা এবং ব্যাংকিং ও রাজস্ব খাতে কার্যকর সংস্কার বাস্তবায়নের ওপর।

বিশ্বের পোশাক রপ্তানি বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য ধীরে ধীরে কমছে। সেই শূন্যস্থান দখলে সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম। অথচ বৈশ্বিক বাজারে চাহিদা বাড়লেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে দেশের অবস্থান আগের চেয়ে...
১ ঘণ্টা আগে
গ্রামীণফোন জানিয়েছে, পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিকে ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সমন্বয়, জলবায়ু-সচেতন উদ্যোগ, ডিজিটাল অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির ক্ষমতায়নে ধারাবাহিক অবদানের জন্য প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি...
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।
৫ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৬ ঘণ্টা আগে