স্থানীয় ঘাটতির শঙ্কা

দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পে নতুন করে রপ্তানির দ্বার উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন পর সরকার কাঁচা ও ওয়েট ব্লু (লবণযুক্ত, পশম ছাড়ানো) চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে, যা চীন ও ভিয়েতনামের মতো বাজারে প্রবেশের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ইতিমধ্যে ভিয়েতনামের ব্যবসায়ীরা ঢাকার পোস্তা এলাকার আড়তদারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং আগ্রহও প্রকাশ করেছেন। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় চীনের কাছেও রপ্তানির প্রস্তাব পাঠিয়েছে, যেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ মে থেকে ব্যবসায়ীরা কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ পাচ্ছেন। তবে শুরুতে এ রপ্তানির পরিমাণ সর্বোচ্চ ১৫ শতাংশের মধ্যে সীমিত রাখা হয়েছে, যাতে দেশীয় শিল্পে কাঁচামালের সংকট না দেখা দেয়, অথচ আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পথ খুলে যায়।
১৯৯০ সালের পর বাংলাদেশ থেকে ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ ছিল। ফলে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ না থাকায় প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতেও জটিলতা তৈরি হয়; যার ফলে কোরবানির মৌসুমে উৎপাদিত বিপুল চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণের সমস্যা এবং বিপণনব্যবস্থার সংকটে পড়ে নষ্ট হয়ে যেত। এবারে বাণিজ্য মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ নেয়, যেমন ঈদের আগে প্রতিটি জেলায় বিনা মূল্যে লবণ সরবরাহ এবং ঢাকার বাইরে থেকে চামড়া পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা, যার ফলে বাজারে চামড়ার ভিড় কমে এবং পচনও কিছুটা রোধ করা সম্ভব হয়।
চামড়ার মান ধরে রাখতে সরকার ঢাকা, নাটোর ও চট্টগ্রামে কোল্ডস্টোরেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে, যাতে ওয়েট ব্লু চামড়া এক বছর পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা যায়। এ বিষয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সর্বোচ্চ ১৫ শতাংশ ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হবে, যাতে বাজারে চাহিদা বাড়ে এবং চামড়া বিক্রি ন্যায্যমূল্যে নিশ্চিত হয়।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য থেকে বছরে প্রায় ১.২ বিলিয়ন ডলার আয় হয় এবং সরকার ২০৩০ সালের মধ্যে এই আয় ৫ বিলিয়নে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ট্যানারিমালিকেরা এই রপ্তানিনীতিতে দ্বিধান্বিত। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) বলছে, এ বছর পশু কোরবানির সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১৩ লাখ কম হওয়ায় চামড়া সংগ্রহ কম হয়েছে। তার ওপর রপ্তানি মূল্য বেশি হলে আড়তদারেরা অভ্যন্তরীণ বাজারের তুলনায় রপ্তানির দিকেই ঝুঁকবেন, ফলে স্থানীয় চামড়াশিল্পে ঘাটতি দেখা দিতে পারে।
এ বিষয়ে বিটিএর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই খাত শুধু রপ্তানির ওপর নির্ভর করলে আমাদের ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হারানোর ঝুঁকি আছে। ওয়েট ব্লু চামড়ার দাম আন্তর্জাতিক বাজারে সহনীয় থাকলেও আমাদের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।’
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) ভাইস চেয়ারম্যান এম এ আউয়াল আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘কাঁচা চামড়ার ঘাটতির কারণে উৎপাদন বন্ধ হলে আমাদের কারখানার মেশিন নষ্ট হয়ে যেতে পারে। এতে রপ্তানি আয় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।’
বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য আশাবাদী, এই রপ্তানির সুযোগ চামড়াশিল্পের বাজারকে সচল রাখবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রপ্তানির সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদনের ভারসাম্য বজায় না থাকলে এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণও হতে পারে।

যুদ্ধজনিত অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বাড়ার কারণে বৈশ্বিক শিপিং খাতে ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে চাপ তীব্র হচ্ছে। পরিবহনঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, দীর্ঘ ও বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। ফলে সময় ও খরচ—দুটোই বাড়ছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
৪ ঘণ্টা আগে
তীব্র গ্যাস-সংকটে গত ৪ মার্চ থেকে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় দেশের দুই বৃহৎ সার কারখানা—চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন। কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তা অনিশ্চিত থাকায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে; একই সঙ্গে...
৪ ঘণ্টা আগে
দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় সব তফসিলি ব্যাংককে এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৬ ঘণ্টা আগে