নির্মাণ খাত ছাড়া গত ফেব্রুয়ারি মাসে দেশে অর্থনীতির মূল বাকি তিন খাতের সম্প্রসারণের গতি বেড়েছে। এতে ওই মাসে দেশের সামগ্রিক অর্থনৈতিক সম্প্রসারণের গতি বেড়েছে। নির্মাণ খাতের গতি কমেছে তা-ই নয়; বরং গত মাসে নির্মাণ খাতের সংকোচন হয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশের পিএমআই বা পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স সূচক বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়। এ সময় সূচকের মান ছিল ৫৫ দশমিক ৭, জানুয়ারি মাসে যা ছিল ৫৩ দশমিক ৯। অর্থাৎ সে হিসেবে গত মাসে এই সূচকের মান বেড়েছে ১ দশমিক ৮ পয়েন্ট।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করে থাকে। প্রতি মাসে প্রণয়ন করা এই সূচকে কৃষি, উৎপাদন, সেবা ও নির্মাণ —এই চার খাতের গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়।
গতকাল রোববার সর্বশেষ ফেব্রুয়ারি মাসের পিএমআই প্রকাশ করা হয়েছে।
কৃষি খাত টানা ষষ্ঠ মাসের মতো সম্প্রসারণের ধারায় আছে। ফেব্রুয়ারি মাসে এই খাতে প্রবৃদ্ধির গতি অনেকটাই বেড়েছে। জানুয়ারি মাসে এই সূচকের মান ছিল ৫৩। ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ৬৪ দশমিক ৫। নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রমের সূচক দ্রুতহারে বেড়েছে। তবে কৃষি খাতের কর্মসংস্থান সূচক সংকোচনের মধ্যেই আছে। শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে পতনের গতি আগের তুলনায় বেশি। দেশের উৎপাদন খাত ১৮তম মাসের মতো সম্প্রসারণের ধারায় আছে।
গত মাসে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে। নতুন কার্যাদেশ, কারখানার উৎপাদন, আমদানি, উৎপাদন উপকরণের দাম ও সরবরাহকারীদের সরবরাহসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উপসূচকের সম্প্রসারণ অব্যাহত আছে। তবে নতুন রপ্তানি, উৎপাদিত পণ্য ও কর্মসংস্থানের মতো উপসূচক এখনো সংকোচনের ধারায় আছে। উৎপাদন উপকরণ ক্রয়ের সূচক আবারও সম্প্রসারণের ধারায় ফিরেছে। অমীমাংসিত কার্যাদেশের উপসূচক আবার সংকুচিত হয়েছে।
এদিকে জানুয়ারি মাসে নির্মাণ খাতের সম্প্রসারণ হলেও গত মাসে আবার সংকুচিত হয়েছে। নতুন ব্যবসা, কর্মসংস্থান ও অমীমাংসিত কার্যাদেশের মতো উপসূচকের সংকোচন হয়েছে। তবে নির্মাণ কার্যক্রম ও উৎপাদন উপকরণের ব্যয় উপসূচকে সম্প্রসারণ অব্যাহত আছে। সেবা খাত টানা ১৭তম মাসের মতো সম্প্রসারণে আছে। ফেব্রুয়ারি মাসে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান, উৎপাদন উপকরণের ব্যয় ও অমীমাংসিত কার্যাদেশ —সব কটি উপসূচকেই সম্প্রসারণের ধারা দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ ব্যবসায়িক প্রত্যাশা ইতিবাচক। ভবিষ্যৎ ব্যবসা সূচক অনুযায়ী কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা —এই চারটি প্রধান খাতেই সম্প্রসারণ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বোঝা যাচ্ছে, ব্যবসায়িক আস্থা ধারাবাহিকভাবে বাড়ছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, মৌসুমি কারণে সামান্য অর্থনৈতিক কার্যক্রমের গতি কিছুটা বেড়েছে। রমজান সামনে রেখে ভোগব্যয় বেড়ে যাওয়ায় কৃষি ও সেবা খাতে চাহিদা বেড়েছে। সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।
এম মাসরুর রিয়াজ আরও বলেন, ভবিষ্যৎ ব্যবসা সূচকে দেখা যাচ্ছে, ধারাবাহিক সম্প্রসারণের সম্ভাবনা আছে। তবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতির মতো আমাদের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম দ্রুত বাড়ছে, শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যাচ্ছে আর অর্থনীতিবিদেরা সতর্ক করছেন—এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ‘স্ট্যাগফ্লেশন’।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই, তাই দাম বাড়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
দেশের বেসরকারি খাতের সমস্যাগ্রস্ত চারটি ব্যাংকের পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সহনীয় করতে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা পাঁচটি সুপারিশ করেছেন। এগুলো হলো সংকোচনমুখী মুদ্রানীতি প্রত্যাহার, সুদহার হ্রাস, মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রক্রিয়া সহজীকরণ, সরবরাহব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সুদৃঢ়করণ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।
৫ ঘণ্টা আগে