আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের মাংস ও হাড়ের প্রক্রিয়াজাত গুঁড়া (এমবিএম), পুরোনো বা ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি এবং গিলনেট বা কারেন্ট জাল।
ব্যবসা সহজ করা, শিল্পের কাঁচামাল আমদানি বাড়ানো এবং আমদানি ব্যবস্থাকে আন্তর্জাতিক বাণিজ্যচর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এসব পরিবর্তন আনা হয়েছে। এ জন্য আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ জারি করেছে সরকার। ২৪ আগস্ট এর গেজেট প্রকাশ করা হয়। নতুন নীতিটি ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন নীতির অন্যতম বড় পরিবর্তন হলো এলসি ছাড়া আমদানির সুযোগের পরিধি বাড়ানো। আগের ২০২১-২০২৪ নীতিতেও নির্দিষ্ট ক্ষেত্রে এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ ছিল। তবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ পরিশোধের মাধ্যমে বছরে সর্বোচ্চ ৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত আমদানির সীমা ছিল। নতুন নীতিতে এই মূল্যসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে এখন এলসি ছাড়াই চুক্তির ভিত্তিতে বড় অঙ্কের পণ্য আমদানি করা যাবে।
ব্যবসায়ীদের জন্য এর অর্থ হলো—বিদেশি সরবরাহকারীর সঙ্গে সরাসরি চুক্তি করে পণ্য আনার ক্ষেত্রে অর্থায়ন ও লেনদেনের কাঠামো আরও নমনীয় হবে। তবে এলসির বাইরে বড় অঙ্কের লেনদেন বাড়লে পণ্যের প্রকৃত মূল্য ঘোষণা, বৈদেশিক মুদ্রার ব্যবহার এবং ওভার-আন্ডার ইনভয়েসিং ঠেকাতে নজরদারিও বাড়াতে হবে।
মোটরসাইকেল আমদানির ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আগের নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতিতে সেই সীমা বাড়িয়ে ৩৭৫ সিসি করা হয়েছে। ফলে এখন ৩৭৫ সিসি পর্যন্ত সম্পূর্ণ তৈরি মোটরসাইকেল সরাসরি আমদানি করা যাবে। এতে উচ্চক্ষমতার মোটরসাইকেলের বাজারে নতুন ব্র্যান্ড ও মডেল প্রবেশের সুযোগ বাড়বে।
নতুন আমদানি নীতির নিষিদ্ধ পণ্যের তালিকায় মোট ২৮টি শ্রেণি রয়েছে। তালিকার শেষ তিনটি পণ্য হলো—মাংস ও হাড়ের গুঁড়া (এমবিএম), সব ধরনের পুরোনো বা ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি এবং সব ধরনের গিলনেট বা কারেন্ট জাল। গেজেটে এগুলো যথাক্রমে ২৬, ২৭ ও ২৮ নম্বরে রয়েছে।
বিশেষ করে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়িকে নিষিদ্ধ তালিকায় আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পুরোনো গাড়ি আমদানির বিধিনিষেধের আওতায় এখন বৈদ্যুতিক গাড়িও স্পষ্টভাবে রয়েছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। ২০২১-২০২৪ আমদানি নীতির ২০২৫ সালের সংশোধনীতে ই-সিগারেট ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম নিষিদ্ধ তালিকায় যুক্ত হয়েছিল। তবে ২০২৬-২০২৯ আমদানি নীতির ২৮টি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইএনডিএসের পৃথক কোনো এন্ট্রি নেই। তবে সংশ্লিষ্টরা দাবি করছেন, এর মানে আগের নিষেধাজ্ঞা উঠে গেছে, এমনটি এখনো বলার সুযোগ নেই। এ সম্পর্কিত সংশ্লিষ্ট অন্য আইন, বিধি বা প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা বহাল আছে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে।
শুধু আমদানির নিয়ম শিথিল করাই নয়, নতুন নীতিতে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার সুযোগও রাখা হয়েছে। এর ফলে আমদানি করা পণ্য সংরক্ষণ, রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ব্যবস্থাপনা এবং পুনঃ রপ্তানির জন্য আরও সংগঠিত কাঠামো তৈরির সুযোগ হবে। এ ছাড়া নীতিতে প্রবাসী বাংলাদেশির সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। বিদেশে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং তাঁদের পোষ্যদের এ সংজ্ঞার আওতায় রাখা হয়েছে।

রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
১ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১০ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকারের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে