রিজার্ভ বাড়াতে প্রবাসী বন্ডের মেয়াদসীমা তুলে দেওয়ার উদ্যোগ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশি মুদ্রা সংগ্রহ এবং প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোর করপোরেট ঋণের পরিমাণ কমিয়ে খুচরা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আগামী বছর থেকে করপোরেট ঋণ ৪৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ শনিবার বণিক বার্তা আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬’-এ এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
গভর্নর বলেন, ইতিমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে এ অ্যাকাউন্টের প্রচার চালানো হচ্ছে। একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়। তবে আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি না করে, সে বিষয়েও সতর্ক রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ রয়েছে। এ সীমা তুলে দিয়ে মেয়াদ উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বর্তমানে এসব বন্ডে প্রায় ৬০৪ থেকে ৬০৬ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। বিধিনিষেধ শিথিল করা সম্ভব হলে আরও বৈদেশিক মুদ্রা দেশে আসবে এবং রিজার্ভ বাড়বে।
এদিকে, বেসরকারি ব্যাংকগুলোর ঋণের ৭০ থেকে ৮০ শতাংশই করপোরেট খাতে যাচ্ছে বলে জানান গভর্নর। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স শুধু করপোরেট ঋণের জন্য দেওয়া হয়নি। আগামী বছরের জন্য এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। ব্যাংকারদের প্রতি তাঁর আহ্বান, ঋণের অন্তত ২০ শতাংশ খুচরা গ্রাহক এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বিতরণ করতে হবে। করপোরেট ঋণের অংশ ৪৫ শতাংশে নামিয়ে আনতে হবে।
গভর্নর বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থায়ন পুঁজিবাজার থেকে সংগ্রহের ব্যবস্থা করতে হবে। এতে অর্থনীতিতে ক্রয়ক্ষমতা ও চাহিদা তৈরি হবে এবং বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকাও সহজ হবে।









