Ajker Patrika

জিডিপির ভিত্তি বছরে আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২১: ৫১
জিডিপির ভিত্তি বছরে আসছে পরিবর্তন
প্রতীকী ছবি

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব আরও নির্ভরযোগ্য ও হালনাগাদ করতে ভিত্তি বছর পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বর্তমানে ২০১৪-১৫ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জিডিপির হিসাব করা হয়। নতুন করে ২০২৫-২৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জিডিপির হিসাব পুনর্নির্ধারণ করা হবে। এ জন্য প্রাথমিক জরিপ কার্যক্রমও শুরু হয়েছে।

পাশাপাশি জিডিপির ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদন তৈরি করেছে এ-সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। প্রতিবেদনটির পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ বুধবার জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের (এনএসিএস) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় এসব তথ্য জানানো হয়। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় জানানো হয়, জাতীয় হিসাব প্রাক্কলনে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে জিডিপির ভিত্তি বছর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভিত্তি বছরের জন্য পরিচালিত জরিপের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতের প্রকৃত আকার ও অবদান নিরূপণ করা সহজ হবে।

এদিকে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনীর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হচ্ছে। এতে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা, প্রশাসনিক উপাত্ত, বিগ ডেটা এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পরিসংখ্যানের মৌলিক নীতিমালা অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে।

সভায় জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) ২০২৬-৩০ প্রণয়নের অগ্রগতিও তুলে ধরা হয়। সরকারের পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কাঠামো, নির্বাচনী ইশতেহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলপত্রটির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে।

পরিসংখ্যান সংগ্রহে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। বিবিএসের মাঠপর্যায়ের জরিপে কম্পিউটার অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউইং (সিএপিআই) পদ্ধতিতে ট্যাব ও কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব কার্যক্রম নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের ড্যাশবোর্ড থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন শুমারি ও জরিপের তথ্য একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে সংরক্ষণে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস স্থাপনের মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়েছে। গবেষণা ও নীতি নির্ধারণে তথ্য ব্যবহারের সুযোগ বাড়াতে বিবিএসে মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব স্থাপন করা হয়েছে। তথ্য প্রকাশ ও ব্যবহারের সুযোগ সহজ করতে এ-সংক্রান্ত নীতিমালার খসড়াও তৈরি হয়েছে।

সভায় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রণয়নে তথ্যের নির্ভুলতা বাড়াতে নমুনার আকার ও বাজার পর্যালোচনার বিষয়ে একটি কারিগরি কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়। চালের বাজারদর পর্যবেক্ষণ ও তথ্য যাচাইয়ে খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত