ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পণ্যের আমদানি বেড়েছে প্রায় ৬ শতাংশ: রাষ্ট্রদূত

বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় পণ্য আমদানি সাম্প্রতিক সময়ে প্রায় ৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। আজ বুধবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে দুই দেশের যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে।
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পাম তেল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্টশিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লাও ইন্দোনেশিয়া সরবরাহ করে।
চেম্বার সভাপতি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল শিল্প ও পণ্য সরবরাহে শীর্ষস্থানে রয়েছে। এ খাতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশে যৌথ বা একক ইন্দোনেশীয় বিনিয়োগের সুযোগ রয়েছে।
হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ নেওয়া গেলে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ আমিরুল হক।
চেম্বার সভাপতি আরও বলেন, ইন্দোনেশিয়ার কোম্পানিগুলো বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র সরাসরি গ্রহণ করে না। তৃতীয় দেশের মাধ্যমে ঋণপত্র (এলসি) গ্রহণ করায় ব্যবসায়ীদের অর্থ ও সময় ব্যয় হচ্ছে। সমস্যা সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অন্যান্য বক্তারা দুই দেশের বাণিজ্যঘাটতি কমাতে বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানির আহ্বান জানান। বাংলাদেশের সিমেন্ট, স্টিল ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামালের ব্রেকওয়ার্ড লিংকেজ হিসেবে বাংলাদেশে একক ও যৌথ বিনিয়োগের কথাও বলেন তাঁরা।
সভায় আরও বক্তব্য দেন সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার ও শহীদুল আলম।
সভায় সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরীও বক্তব্য দেন।









