এফবিসিসিআইয়ের প্রস্তাব

দেশের রপ্তানিকারকদের ঋণ দিতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) নামে একটি বিশেষ তহবিল আছে। এই তহবিলের অর্থের জোগান দেওয়া হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। বর্তমানে তহবিলটির আকার ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এটা বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করে এমন দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যাংকের এক গ্রাহক ঋণসীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবি তাদের। এই দাবি মেনে নিলে কোনো একজন গ্রাহকই একটি ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের এক-চতুর্থাংশ পর্যন্ত টেনে নিতে পারবেন।
গতকালের বৈঠকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে আছে অনিচ্ছাকৃতভাবে ঋণখেলাপিদের পুনর্বাসনে নীতিগত সহায়তা দেওয়া, আমদানির জন্য ডলার সরবরাহ স্বাভাবিক রাখা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং সরকারি ঋণ কমিয়ে বেসরকারি খাতে উৎপাদনমুখী ঋণ বৃদ্ধি করা। তাদের দাবির মধ্যে আরও আছে—ক্ষতিগ্রস্ত শিল্পে সহায়তা, ঋণ পুনঃ তফসিল সহজ করা, সহজ শর্তে ঋণ দেওয়া, প্রণোদনা প্যাকেজ নিশ্চিত করা, প্রবাসীদের জন্য প্রণোদনা ও সহজ শর্তে ঋণ সুবিধা, এসএমই ও নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়া।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রপ্তানিকারকদের ঋণসুবিধা দিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ইডিএফ গঠন করা হয়। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বিশেষ এ তহবিলের আকার ছিল ৩৫০ কোটি বা সাড়ে ৩ বিলিয়ন ডলার। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রথম দফায় সরকারের নির্দেশে ইডিএফের আকার ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। এরপর কয়েক দফায় বাড়ানোর পর এর আকার একসময় ৭ বিলিয়ন ডলারে পৌঁছায়। বর্তমানে এ তহবিলের আকার প্রায় ২৩০ কোটি বা ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের ৪৭০ কোটি ডলার ঋণের সঙ্গে রিজার্ভের অর্থের অপব্যবহার রোধের শর্ত জুড়ে দেয়। এখন ইডিএফে রিজার্ভের অর্থ বাড়ালে আইএমএফের ওই শর্ত বাস্তবায়ন উপেক্ষিত হবে।
গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশে বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত সরবরাহ আছে। এরপরও মধ্যপ্রাচ্য সংকটের কারণে যেন ডলারের বাজারে কোনো সংকট তৈরি না হয়, সে জন্য আমরা ইডিএফ তহবিলের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ জানিয়েছি। গভর্নর কথা দিয়েছেন, তিনি ধীরে ধীরে তা বাড়াবেন।’
এফবিসিসিআইয়ের মহাসচিব জানান, গভর্নরের সঙ্গে বৈঠকে সুদহার কমানো ও একীভূতকরণ প্রক্রিয়ার থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের যেন স্বার্থ ক্ষুণ্ন না হয়, সে বিষয়টিও বিশেষভাবে লক্ষ রাখার অনুরোধ জানিয়েছেন।
সূত্র জানায়, এফবিসিসিআই একক গ্রাহক ঋণসীমা ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ কোনো ব্যাংক যাতে তার পরিশোধিত মূলধনের এক-চতুর্থাংশ অর্থের পরিমাণ একজন গ্রাহককে ঋণ দিতে পারে, সেই দাবি করেন ব্যবসায়ী নেতারা। যা নতুন ও ছোট উদ্যোক্তাদের বঞ্চিত করে ঋণ পুঞ্জীভূত করবে। এমনকি একজন গ্রাহক খেলাপি হলে ব্যাংক বড় চাপে পড়বে, যা বিগত সরকারের সময় ঘটেছে। সেই ধাক্কা সামলাতে না পেরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৪৫ শতাংশ ছাড়িয়ে যায়। কোনো কোনো ব্যাংকের খেলাপি ৯০ শতাংশ হয়েছে। যদিও ২০২৬ সালের মধ্যে খেলাপি ১০ শতাংশের নিচে নামানোর প্রতিশ্রুতি দিয়ে বিগত দুই গভর্নর আইএমএফের ঋণের কিস্তি নিশ্চিত করেছিলেন। সেই ঋণ চলমান রয়েছে। শর্ত ভঙ্গ করলে আইএমএফের ৪৭০ কোটি ডলারের অবশিষ্ট কিস্তির অর্থ ছাড় আটকে যাওয়ায় শঙ্কা সৃষ্টি হয়েছে।
এফবিসিসিআই লিখিতভাবে জানায়, দেশের অর্থনীতিতে অনাদায়ি বা খেলাপি ঋণের চাপ কমাতে গভর্নরকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনিচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হয়ে পড়ে ব্যবসায়ীদের পুনর্বাসনে নীতিগত সহায়তা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
এফবিসিসিআই বলছে, খেলাপি ঋণ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের অন্তরায় সৃষ্টি করছে। তাই অনাদায়ি ঋণের পরিমাণ দ্রুত কমিয়ে আনা জরুরি। সংগঠনটি কখনোই ইচ্ছাকৃত ঋণখেলাপিদের পক্ষে নয়। তবে ব্যবসায়িক ঝুঁকি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যাঁরা অনিচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হয়েছেন, তাঁদের জন্য পুনর্বাসনমূলক নীতিগত সহায়তা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই।
এফবিসিসিআই আশা প্রকাশ করেছে, যথাযথ নীতিসহায়তা ও কঠোর নজরদারির সমন্বয়ে দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। বিদ্যমান অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসাবান্ধব নীতিগত সহায়তা জোরদারের দাবি ও ব্যাংকিং খাতের সুদ কমানো জরুরি।
গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বর্তমান ব্যাংক থেকে অর্থায়ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ক্রমেই ব্যয়বহুল ও অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় নীতি সুদহার ক্রমান্বয়ে কমানোর পাশাপাশি উৎপাদনশীল খাত, রপ্তানিমুখী শিল্প এবং এসএমই খাতের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ঋণসুবিধা চালু করার প্রস্তাব করেছি।’

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি এখনো সন্তোষজনক নয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
২ ঘণ্টা আগে
করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। পাশাপাশি সংগঠনটি নিম্ন আয়ের স্তরের কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে তিনি এক কোটি কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি...
৬ ঘণ্টা আগে
দেশের কৃষি খাতের টেকসই ও সুষম উন্নয়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরেই ৫ হাজার কিলোমিটার খাল খননের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান কার্যালয় কৃষি ভবনে আয়োজিত এক...
৬ ঘণ্টা আগে