
আমানতকারীদের টাকা ফেরত দিতে শুরু করেছে সমস্যা-কবলিত ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার প্রথম দিনেই টাকা তোলার চাহিদা ছিল ১৮৮ কোটি টাকা। এর বিপরীতে গ্রাহকেরা টাকা তুলেছেন ৮১ কোটি টাকা। ব্যাংকটির বিভিন্ন শাখা ও এটিএম বুথ থেকে এই টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন বলেন, গ্রাহকদের আবেদন যাচাই-বাছাই করে টাকা দেওয়া হচ্ছে। নির্ধারিত আবেদনের বাইরেও শাখায় আসা অনেক গ্রাহককে টাকা পরিশোধ করা হয়েছে। যাঁরা টাকা তুলতে এসেছেন, তাঁরা টাকা পেয়েছেন। আগামী শনিবার নাগাদ ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে আশা করছি।
ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চার দিনে ন্যাশনাল ব্যাংকের প্রায় ১১ হাজার গ্রাহক আমানত তোলার আবেদন করেন। এসব আবেদনের মোট অর্থের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।
আজ বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের মতিঝিল, দিলকুশা ও ফরেন এক্সচেঞ্জ শাখায় গিয়ে গ্রাহকদের টাকা তুলতে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে সেবা চালু হয়েছে। চেক, আরটিজিএস, এনপিএসবি ও ঋণপত্র (এলসি) খোলাসহ প্রচলিত ব্যাংকিং সেবাও পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
মতিঝিল শাখার ব্যবস্থাপক রোকসানা পারভিন বলেন, তাঁর শাখায় ৭৩ লাখ টাকা জমা পড়েছে আজ। বিপরীতে গ্রাহকেরা তুলেছেন ৬ লাখ টাকা। দিলকুশা শাখার অপারেশনস ম্যানেজার চন্দন কুমার দাস বলেন, ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬৪ জন গ্রাহক প্রায় ৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। আজ বৃহস্পতিবার আবেদনকারীদের বাইরেও প্রায় ১০০ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়া হয়েছে।
এর আগে আমানতকারীদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে ঋণ হিসেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাছ থেকে ১০ হাজার কোটি টাকা নিতে চেয়েছিল ব্যাংকটি। এরপর বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দেয় সোনালী ব্যাংক। এ অর্থের সুদহার ১০ শতাংশ এবং মেয়াদ তিন মাস। বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, এই অর্থ থেকে ন্যাশনাল ব্যাংকের সাবেক বা বর্তমান কোনো পরিচালকের আমানত ফেরত দেওয়া যাবে না। নতুন ঋণ বিতরণেও এই অর্থ ব্যবহার করা যাবে না।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অনিশ্চয়তায় অনেকে আতঙ্কে আমানত উত্তোলনের আবেদন করেছেন। এখন তাঁরা যাচাই করছেন, ব্যাংক টাকা ফেরত দিতে পারছে কি না। ইতিমধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর গত দুই বছর ধরে ব্যাংকটিকে পুনর্গঠনের চেষ্টা চলছে।
মেলিতা মেহজাবীন আরও বলেন, ন্যাশনাল ব্যাংক দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। ব্যবসা-বাণিজ্য, রেমিট্যান্স ও এলসি লেনদেনে ব্যাংকটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতের অনিয়ম বন্ধ করে সুশাসন, জবাবদিহি ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। সঠিক ব্যবস্থাপনায় ব্যাংকটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১৯ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১ দিন আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১ দিন আগে