দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে রিহ্যাবের কার্যালয়ে পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় কামাল মাহমুদের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংগঠনটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. আব্দুর রশিদ বাবু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক।
এ বিষয়ে জানতে মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি কামাল মাহমুদ।
রিহ্যাব জানিয়েছে, বহিষ্কারের ফলে কামাল মাহমুদ এবং তাঁর কোম্পানি রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট রিহ্যাবের তৃতীয় পর্ষদ সভায় সংগঠনের আর্থিক ও প্রশাসনিক বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি বিভিন্ন অভিযোগসহ রিহ্যাবের এক কোটি টাকার অনিয়ম খুঁজে পায়। এ বিষয়ে কামাল মাহমুদের বক্তব্য ও সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য ১৯ সেপ্টেম্বর রিহ্যাব কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়। তবে কামাল মাহমুদ সেদিন হাজির হননি।
রিহ্যাব থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করে ১ কোটি টাকা অনিয়মের সত্যতা বিষয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রিহ্যাবকে অবহিত করে। তবে তৎকালীন পরিচালনা পর্ষদ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। রিহ্যাবের বর্তমান পর্ষদ বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি যাচাই করে অনিয়মের প্রমাণ পায়। এ জন্য কামাল মাহমুদকে আত্মপক্ষ সমর্থন বা তাঁর বক্তব্য কী, তা জানানোর জন্য সুযোগ দিয়েছিল তদন্ত কমিটি। কামাল মাহমুদের বিরুদ্ধে রিহ্যাব ট্রেইনিং ইনস্টিটিউটে আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে।

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম। টানা দ্বাদশবারের মতো জেলার আম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকায় আমচাষি ও রপ্তানিকারকদের মধ্যে ফিরেছে নতুন আশাবাদ।
১৩ ঘণ্টা আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। মোট ১ হাজার ১০৫টি প্রকল্পের বিপরীতে এই বরাদ্দ দেওয়া হলেও এর সাড়ে ১২ শতাংশ চলে যাচ্ছে মাত্র পাঁচটি মেগা প্রকল্পে।
১৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেল, লাইফস্টাইল, ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।
১৬ ঘণ্টা আগে