Ajker Patrika

চীনের ১১ প্রতিষ্ঠানের ৯২১ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ জুন ২০২৬, ২১: ২৪
চীনের ১১ প্রতিষ্ঠানের ৯২১ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব
প্রতীকী ছবি

বাংলাদেশের বিভিন্ন খাতে ৯২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। গ্যাস অনুসন্ধান, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, বন্দর, শিক্ষা, ওষুধ ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো।

গত বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়।

তবে এসব বিনিয়োগ এখনো প্রাথমিক প্রস্তাব পর্যায়ে রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সাংবাদিকদের বলেছেন, এগুলো সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব। সরকার এখনো সেগুলোর যাচাই-বাছাই করেনি। তাই এই মুহূর্তে বিনিয়োগ বাস্তবায়নের সম্ভাবনা বা নিশ্চয়তা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

যেসব খাতে বিনিয়োগের আগ্রহ

চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব এসেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ এ খাতে ৪৫০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও নিষ্পত্তি-শিল্প গড়ে তুলতে ১৬৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়।

সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) প্রকল্পে ৮৯ কোটি ডলার এবং চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা অর্থনৈতিক অঞ্চল, বন্ডেড গুদাম ও আঞ্চলিক লজিস্টিকস হাব উন্নয়নে ৬৫ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্পে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫ কোটি ডলার, স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনে ২৫ কোটি ডলার, আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭ কোটি ডলার, কোল্ড-চেইন লজিস্টিকস, রেলগাড়ির যন্ত্রাংশ উৎপাদন, সৌরবিদ্যুৎ, ব্যাটারি, পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন এবং ভেষজ উদ্ভিদভিত্তিক শিল্পেও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত