
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনা ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এ বাজারটির পাশে শতবর্ষী একটি মরা শিমুল গাছ দাঁড়িয়ে আছে। এই সড়ক দিয়ে হরিপুর, রানীশংকৈল ও পীরগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এ ছাড়া গাছটির কাছেই রয়েছে উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকিরগঞ্জ বিজিবি (বিওপি) ক্যাম্প। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী ও কোমলমতি শিক্ষার্থী গাছটির পাশ দিয়ে চলাচল করে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গাছটি মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে এর বেশ কিছু ডাল ভেঙে পড়েছে। যেকোনো সময় বড় ডাল কিংবা পুরো গাছটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রধান বলেন, ‘গাছটি দ্রুত কাটার ব্যবস্থা না করলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। কর্তৃপক্ষের কাছে গাছটি অপসারণের দাবি জানাচ্ছি।’
স্থানীয় দোকানদার আফাজ আলী বলেন, ‘গাছটি মরে গেছে, এখনই কাটা দরকার। দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার কোনো মানে হয় না।’
পশু চিকিৎসক এনামুল হক বলেন, গাছটি দ্রুত কাটার ব্যবস্থা না করলে পথচারী কিংবা শিক্ষার্থী যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে।
ফরিদ হোসেন মাসুম নামের একজন বলেন, ‘যেভাবে গাছের ডাল ভেঙে পড়ছে, তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বেশি সময় নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’
স্থানীয় বাসিন্দা আমিনুল হক বলেন, ‘বাজারে এলেই আতঙ্কের মধ্যে থাকি। কখন যে ডাল বা পুরো গাছই ভেঙে পড়ে, সেই ভয়ে থাকি।’
পথচারী হায়দার আলী বলেন, ‘বাজারে এসে বাজার করার চেয়ে এখন ভয় হয় কখন গাছটি আমার ওপর ভেঙে পড়ে।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, ‘শতবর্ষী শিমুল গাছটির বিষয়ে আমরা অবগত হয়েছি। গাছটি বর্তমানে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কি না, সরেজমিনে পরিদর্শন করে দেখা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে