
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে বিচার বিভাগ, প্রশাসন ও পার্লামেন্টারি কমিটিসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এবং সকালে ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ একটি দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্রের যদি চর্চা হয়, তাহলে আর বাকি সব কাজই হয়ে যায়।’
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সত্যিকারের ন্যায়বিচারের প্রভাবমুক্ত একটি জুডিশিয়ারি (বিচার বিভাগ) যদি তৈরি করতে পারি, তাহলে নাগরিক হিসেবে সবাই উপকৃত হব। আমরা একটি প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। পার্লামেন্টের যে কমিটিগুলো থাকে, সেই কমিটিগুলোকে যদি আমরা সক্রিয় করতে পারি, কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।’
রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘সমস্যা আছে অনেক। সমস্যা থাকবে, বিরোধিতা থাকবে, বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারব।’
প্রতিবেশী দেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে কিন্তু অনেক প্রবলেম, সমস্যার শেষ নাই। তারপরও কিন্তু ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায়। টিকে যায় কী জন্য? তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে—সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ। প্রশাসন অত্যন্ত দক্ষ এবং তাদের মিডিয়া অনেক শক্তিশালী।’
সামাজিক সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের চেষ্টায় এমন সমাজ গড়ে তুলতে হবে যেন মাদকমুক্ত সমাজ গড়া যায়। এটা আমাদের সারা বাংলাদেশের জন্য এবং আমাদের ঠাকুরগাঁওয়ের জন্য বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, সম্ভাবনাময় সব ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে।’
আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘একটা বিষয় আপনারা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন—রুলস অব ল অ্যান্ড জাস্টিস, ইনসাফ। এই দুটো জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা সমাজকে অনেকখানি এগিয়ে দিতে পারব। দুর্ভাগ্যক্রমে বিগত বেশ কিছু সময় ধরে আমরা এ জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি। আশা করি আগামী দিনগুলোতেও যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ—আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।’
ঠাকুরগাঁও জেলাকে উন্নয়নের ধারায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চেষ্টা করছি গোটা ঠাকুরগাঁওকে একটা উন্নয়নের জায়গায় যেন নিয়ে যাওয়া যায়। এখানে একটা ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল হয়ে গেছে, ভিসি নিয়োগ হয়ে গেছে এবং ইউনিভার্সিটি তৈরি করার জন্য জমি নির্দিষ্ট করা হয়েছে। তার বরাদ্দের জন্য আমরা কাজ করছি।’
উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের মেডিকেল কলেজ হয়ে গেছে, আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি শুরু হবে। পুরাতন হাসপাতালে ক্লাস শুরু হবে। জায়গা প্রায় নির্ধারণ হয়ে গেছে, বহুতল ভবন যখন নির্মাণ হবে সেখানে আমরা কাজ করব।’
ঠাকুরগাঁও শহরের পরিকল্পনা নিয়ে ফখরুল বলেন, শহরে একটি ডাইভার্স রোড বা রিং রোডের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা ঠাকুরগাঁও শহরে মাস্টারপ্ল্যান করতে চাই। এখানে আনপ্ল্যান্ড (অপরিকল্পিত) বৃদ্ধি হয়ে গেছে। আমরা পরিকল্পিতভাবে এই শহরটাকে নির্মাণের জন্য কাজ করছি।’
দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ব্যাপারটা এত সহজ নয়। এখানে ২০ কোটি মানুষ, আমরা মাত্র ৫৪ হাজার বর্গমাইল একটা এলাকার মধ্যে বাস করি। এখানে দারিদ্র্য বড় প্রকট। ঠাকুরগাঁও জেলা খুব গরিব অঞ্চল, এখানে কলকারখানা নেই সেরকম। একটা ছিল—সেই সুগার মিল, সেটাও প্রায় মরে গেছে।’
শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘তেমন কোনো ইন্ডাস্ট্রিজ নেই যেখানে হাজার হাজার লোক কাজ করবে। আমরা চেষ্টা করছি যাতে করে এখানে একটা শিল্পাঞ্চল গড়ে তোলা যায়। আমাদের জনগণের আয়ের একটা সুযোগ হবে, সে চেষ্টাটা আমরা করছি। আমরা কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের এলাকার মানুষের অনেক উপকার করতে পারব।’
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওসহ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা করাতে পারেন না। এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে আমি আশা করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী।

প্রায় দুই বছর ধরে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকলেও কাগজে-কলমে রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন মো. শাহজাহান। এই দীর্ঘ সময়ে তাঁর অনুপস্থিতিতে একাধিক শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। তবে সর্বশেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব থেক
৫ মিনিট আগে
করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে চেক প্রতারণার আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মো. আরিফুল ইসলাম তাঁকে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।
১৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নেওয়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছেন। আজ রোববার (২ আগস্ট) বেলা সোয়া ২টার পর তাঁরা সড়ক ছেড়ে দেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে