Ajker Patrika

গভীর রাতে পিকআপে সরিয়ে ফেলা হচ্ছিল সরকারি ওষুধ, আটক করল জনতা

টাঙ্গাইল প্রতিনিধি 
গভীর রাতে পিকআপে সরিয়ে ফেলা হচ্ছিল সরকারি ওষুধ, আটক করল জনতা
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পিকআপে ভরে নেওয়া হচ্ছিল যমুনার পাড়ে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের চেষ্টাকালে ওষুধবোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ গিয়ে ওষুধসহ গাড়িটি থানা হেফাজতে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, রোগীদের না দিয়ে গুদামে ফেলে রাখা সরকারি এসব ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় রাতে গোপনে সরিয়ে ফেলা হচ্ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে একটি পিকআপ ভূঞাপুরের গোবিন্দাসী যমুনা নদীর দিকে যাচ্ছিল। পথে গোবিন্দাসী টি-রোড এলাকায় গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গতিরোধ করেন। পরে বস্তায় সরকারি ওষুধ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

ঘাটাইলে আটককৃত পিকআপ থেকে উদ্ধার হওয়া সরকারি ওষুধ। ছবি: আজকের পত্রিকা
ঘাটাইলে আটককৃত পিকআপ থেকে উদ্ধার হওয়া সরকারি ওষুধ। ছবি: আজকের পত্রিকা

আটক পিকআপের চালক আজমত বলেন, ‘বস্তাগুলো হাসপাতাল থেকে গোবিন্দাসী পৌঁছে দেওয়ার কথা বলে বাবুল নামের এক ব্যক্তি আমার গাড়ি ভাড়া করেছিলেন। বস্তার ভেতর কী ছিল, তা আমার জানা ছিল না।’

ঘটনার সঙ্গে কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জনতার হাতে আটক হওয়া পিকআপভর্তি ওষুধ ও চালককে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত