
শতবর্ষী যে খালটি এতদিন পন্য পরিবহন, পানি নিষ্কাশন করে টাঙ্গাইল শহরের প্রাণ রক্ষা করে আসছিল, সেই শ্যামা বাবুর খাল নিজেই আর বাঁচেনা বুঝি! দখল দুষণে খালটিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে শহরবাসী এখন নিজেরাই বিপদে পড়েছে। জলাবদ্ধতা তাদের নিত্যসঙ্গী।
প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে লৌহজং নদী থেকে উৎপন্ন হয়ে খালটি শহরকে উত্তর-দক্ষিণে ভাগ করে পূর্ব প্রান্তের বিল ঘারিন্দায় গিয়ে মিশত। তবে বিভিন্ন সময়ে খালের বিভিন্ন অংশ দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে।
জানা যায়, শ্যামা বাবুর খালটি ছিল কৃত্রিমভাবে খনন করা একটি খাল। ১৯০০ সালে ব্রিটিশ সাম্রাজ্যের রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের সম্মানে টাঙ্গাইল মহকুমার প্রধান সড়ক ভিক্টোরিয়া রোড তৈরির জন্য খালটি খনন করা হয়।
১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যার পর ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের জন্য প্রণীত ফ্লাড অ্যাকশন প্ল্যানের আওতায় কম্পার্টমেন্টালাইজেশন পাইলট প্রজেক্ট বাস্তবায়িত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৬ সালে শ্যামা বাবুর খালকে ড্রেনে রূপান্তর করা হয়। এরপর থেকেই শুরু হয় খালের জায়গা দখলের প্রতিযোগিতা।
টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান জামিলুর রহমান মিরন ২০০৩ সালে টাউন প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া রোডের পাশে খালের জায়গার ওপর প্রথম ক্যাপসুল মার্কেট নির্মাণ করেন। পরে সেটির নামকরণ করা হয় শওকত আলী তালুকদার পৌর সুপার মার্কেট।
এরপর পর্যায়ক্রমে শামছুল হক মার্কেট বা ভিক্টোরিয়া ফুডজোন, শামসুর রহমান খান পৌর মার্কেট, পৌর সুপার মার্কেট, পৌর সুপার মার্কেট-১, পৌর সুপার মার্কেট-২ এবং পৌর সুপার মার্কেট-৩ নির্মাণ করা হয়। সম্প্রতি খালের জায়গা দখল করে ফায়ার সার্ভিস মার্কেট-১ ও ২-ও গড়ে তোলা হয়েছে।
খালের প্রবেশমুখ প্যারাডাইস পাড়া খাদ্য গুদামের কাছে খালের জায়গা দখল করে আল মাদরাসাতুল আরাবিয়্যাহ মার্কাস মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এর পূর্ব দিকে আরও গড়ে উঠেছে মুক্তিযোদ্ধা ভবন, প্যারাডাইস পাড়া পূজা মণ্ডপ এবং পার্ক বাজারের পাইকারি বাজার।
খালের মাঝামাঝি, অর্থাৎ শহরের গুরুত্বপূর্ণ অংশে সিডিসি শপিং কমপ্লেক্স, সিডিসি ক্লাব, বই মার্কেটসহ আরও অনেক স্থাপনা তৈরি হয়েছে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ভিক্টোরিয়া রোড সংকুচিত হয়ে পড়েছে। বর্তমানে যানবাহনের চাপে ভিক্টোরিয়া রোডে সব সময় ট্রাফিক জ্যাম থাকছে।
এদিকে দখলে দখলে খাল জেরবার হওয়ার পরিণতি ইতিমধ্যেই ভোগ করতে শুরু করেছে এলাকাবাসী। আগে এই খালের মাধ্যমেই শহরের বৃষ্টির পানি লৌহজং নদী ও বিল ঘারিন্দায় গিয়ে পড়ত। খালটি দখল হওয়ার পর বৃষ্টি হলেই এখন টাঙ্গাইল শহরে জলাবদ্ধতা দেখা দেয়।
দখলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্যারাডাইস পাড়ার সুবল গৌড় ও হারাধন শীল বলেন, “কয়েক যুগ আগে নৌকা যোগে লৌহজং নদী হয়ে শ্যামা বাবুর খাল দিয়ে শহরের নিরালা মোড়ে ব্যবসায়ীরা আসতেন। সেই খালটি এখন ড্রেনে পরিণত হয়েছে। পচা পানির দুর্গন্ধে খালের পাশ দিয়ে হাঁটাচলাই দায়। অবিলম্বে খালটি উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।”
টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সভাপতি আকিবুর রহমান ইকবাল বলেন, “আমরা যখন প্রাইমারি স্কুলের ছাত্র, তখন দেখেছি শহরের মধ্য দিয়ে প্রবহমান খাল ছিল, যেটি শ্যামা বাবুর খাল নামে পরিচিত ছিল। তৎকালীন শহরের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল এই শ্যামা বাবুর খাল। সরকারের একটি ভুল প্রকল্প খালটির মৃত্যু ঘটিয়েছে। বর্তমানে এটি পুঁতিগন্ধময় নালায় পরিণত হয়েছে। টাঙ্গাইলের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে অবিলম্বে খালটি উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।”
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, “খালটি কোনোভাবে উদ্ধার করা যায় কি না, সে বিষয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের একদল বিশেষজ্ঞ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। আশা করা যায়, খুব দ্রুতই খালটি উদ্ধারের কার্যক্রম শুরু করা যাবে।”
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ বলেন, “খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। নদী, খাল, বিল ও জলাশয় উদ্ধারে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এ ছাড়া হাইকোর্টের দিকনির্দেশনাও আছে।” তিনি অবিলম্বে শ্যামা বাবুর খাল উদ্ধারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বলেন, “টাঙ্গাইল সদরের ৭টি খাল বর্তমানে খনন প্রকল্পের আওতায় আনা হয়েছে, তার মধ্যে শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্যামা বাবুর খালও রয়েছে। যত দ্রুত সম্ভব খালটি দখলমুক্ত করে খননের কাজ শুরু করা হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গুরুত্বের সঙ্গে কাজ করছে।”
টাঙ্গাইল পৌরসভার সাম্প্রতিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত বলেন, “আমি বিষয়টি অবহিত নই। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলব। পৌরসভার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়গুলো জানব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা আপনাদেরকেও বিষয়টি অবহিত করতে পারব।”

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩০০ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। যারা দেশে ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে।’ আজ রোববার বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার...
৩ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার তিন দিনেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। এই কার্পেটিং হাত দিয়েই তোলা যাচ্ছে। স্থানীয়রা সড়কটির নির্মাণকাজে অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।
৬ মিনিট আগে
মাদারীপুরের সদরে একটি মাছের ঘেরের পুকুরে ডুবে মৃগী রোগে আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার শিকিনওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম শ্রাবণী বেগম (২৭)। তিনি ওই গ্রামের হাতেম আলী ফকিরের স্ত্রী।
৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজনের ছোড়া ঢিলে অফিসের দুটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
১১ মিনিট আগে