
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী স্পারে ১০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।

মাদারীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় পদ্মা, আড়িয়াল খা ও পালরদী নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা। পাউবো জানিয়েছে, সাড়ে ২৮ লাখ টাকায় ৮ হাজার বালুর বস্তা ফেলা হচ্ছে।

যমুনা নদীর তীব্র স্রোত ও ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক ঝুঁকিতে পড়েছে। সড়কের একটি অংশ ধসে যান চলাচল বন্ধ রয়েছে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে, বিকল্প সড়ক ব্যবহার করছেন যাত্রীরা।

টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের কয়েকটি নদীর পানি বেড়েছে। চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নালিতাবাড়ী-গাজীরখাম-শেরপুর সড়কের গোল্লারপাড় এলাকায় পানি ওঠায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।