Ajker Patrika

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ধানখেতের পাশ থেকে দুলাল হোসেন ওরফে দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু ক্যাডেট স্কুলে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ধারণা, রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ধানখেতের পাশে ফেলে রেখে গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

নিহতের প্রথম স্ত্রী আসমা বেগম বলেন, প্রায় ১০ বছর আগে দুলু মিয়া জরিনা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও দুলু মিয়া নিয়মিত দ্বিতীয় স্ত্রী জরিনা বেগমের বাড়িতে যাতায়াত করতেন। তাঁকে বারবার নিষেধ করেও বিরত রাখা যায়নি।

আসমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে দ্বিতীয় স্ত্রী ও তাঁর লোকজনই মেরে ফেলেছে।’ তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম বলেন, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির কাছাকাছি একটি ধানখেতের পাশে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত