Ajker Patrika

মেহেদির রং না মুছতেই বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, শোকে প্রাণ গেল বাবারও

সিলেট প্রতিনিধি
মেহেদির রং না মুছতেই বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, শোকে প্রাণ গেল বাবারও
নিহত মাসুক আহমেদ। ছবি: সংগৃহীত

হাতের মেহেদির রং তখনো মুছে যায়নি। নতুন সংসার, নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন সিলেটের জকিগঞ্জের মাসুক আহমেদ (৩৮)। সেই স্বপ্ন পূরণের আগেই বিদ্যুতায়িত হয়ে থেমে গেল তাঁর জীবন। ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে মারা গেলেন বাবা আব্দুল লতিফ (৬৭)।

এক সন্ধ্যায় বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায়। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। গতকাল সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে ভেঙে পড়েন তাঁর বাবা আব্দুল লতিফ। স্বজনেরা তাঁকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁরও মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্বজনেরা জানান, মাসুকের বিয়ে হয়েছিল সম্প্রতি। নতুন সংসার নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। বিয়ের আনন্দ ও নতুন জীবনের উচ্ছ্বাস কাটতে না কাটতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান তিনি। তাঁর হাতে থাকা বিয়ের মেহেদির রংও পুরোপুরি মুছে যায়নি।

একদিকে সদ্য বিবাহিত ছেলের আকস্মিক মৃত্যু, অন্যদিকে সেই মৃত্যুর খবর শুনে বাবারও চলে যাওয়া—পরপর দুই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খিলগ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির পাশে দাঁড়াতে বাড়িতে ছুটে আসেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকও ঘটনাস্থলে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

ওসি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে বাবাও মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিদ্যুতায়িত হয়ে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়া তাঁর লাশ দাফন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত