
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামে একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানীনগর গ্রামের আব্দুল করিম ওরফে ব্যান্ডেজ করিমের মালিকানাধীন তিনতলা বাড়িতে সন্দেহজনকভাবে বেশ কয়েকজন অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাড়িটি ঘিরে ফেলেন এবং মানবপাচারকারীসহ ১৪ জনকে আটক করেন। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিদের মধ্যে শিশুসহ বিভিন্ন জেলার নারী-পুরুষ রয়েছেন। এছাড়া জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন, মিজানুর রহমান ও রিপন মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জৈন্তাপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ ব্যবহার করে মানবপাচারকারী চক্র সক্রিয় হয়ে ওঠে। সীমান্তের ওপার থেকে অর্থের বিনিময়ে লোকজনকে অবৈধভাবে বাংলাদেশে এনে বিভিন্ন বাসাবাড়িতে রাখা হতো। পরে সুযোগ বুঝে তাদের দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।
তাদের দাবি, হানিফ মিয়া দীর্ঘদিন ধরে ডিবিরহাওর, ফুলবাড়ী, ঘিলাতৈল, টিপরাখলা, গোয়াবাড়ী, হর্নি ও বাইরাখেল সীমান্ত ব্যবহার করে লোকজনকে বাংলাদেশে নিয়ে আসছিলেন। এর আগেও তিনি একবার পুলিশের হাতে আটক হয়েছিলেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “স্থানীয় জনতা মানবপাচারকারীসহ কয়েকজনকে আটকের পর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আগামীকাল সোমবার (১৮ মে) তাদের আদালতে পাঠানো হবে।”

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
১ ঘণ্টা আগে