
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘জেলা প্রশাসক সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন।'
আজ বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ‘উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। এ ধরনের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতা নিশ্চিতে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
মন্ত্রী বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’
জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। এটা এই ঘটনার (মাজার ইস্যু) সঙ্গে সংযুক্ত নয়। এটা আগে-পরেও হতে পারত।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
আরিফুল হক চৌধুরী জানান, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। চলমান বিভিন্ন বিষয়ে তখন দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ওসমানী বিমানবন্দরের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে, বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে।
বিমানবন্দরে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ ও বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সে সঙ্গে কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।
পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনীর সোনাগাজীতে জুলাই শহীদ আবদুল গণি বোরহানের লাশ উত্তোলনে পরিবারের সদস্যদের আপত্তিতে কবর থেকে মরদেহ উত্তোলন করতে গিয়ে খালি হাতে ফিরলেন পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩ মিনিট আগে
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৮ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে হামলায় আহত রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসায় ফেরার পথে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় এলাকায় হামলার শিকার হন তিনি। যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী মো. রুবেল হোসেন তালুকদারকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ বলছে, উপস্থিত লোকজনের সাক্ষ্যের ভিত্তিতে তাঁর কাছ থেকে ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তাঁকে থানায় নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে