
মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছে শিশু ও কিশোরেরা। ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরেরা অবাধে প্রশাসন ও সংশ্লিষ্টদের সামনে প্রকাশ্যে শহর এবং আশপাশের এলাকায় বেপরোয়া গতিতে চালাচ্ছে এসব অটোরিকশা। সচেতন মহলের দাবি, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ শিশু-কিশোরেরা এ যান্ত্রিক এ বাহন চালানোয় শঙ্কা বাড়ছে দুর্ঘটনার সেই সঙ্গে লঙ্ঘন হচ্ছে শিশুশ্রম আইন।
সরেজমিন দেখা যায়, কুলাউড়া পৌর শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রতিদিন সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে প্রায় শতাধিক অটোরিকশাচালক ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর। আর এসব শিশু চালকের অধিকাংশ কানে হেডফোন লাগিয়ে বেপরোয়া গতিতে অটোরিকশা চালাচ্ছে শহরের প্রধান সড়কে। ট্রাফিক পুলিশের সদস্যদের নজরে পড়লেও বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই। এতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু কিশোর অটোরিকশাচালক।
প্রতিবেদকের কথা হয় ১১ বছর বয়সী অটোরিকশাচালক ফয়ছাল মিয়ার সঙ্গে। সে বলছে, ‘রোজগার ভালো হয় অটোরিকশায়। পৌরসভার চাতলগাঁওয়ের মুক্তার মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে গত ৩ মাস ধরে চালাচ্ছি। আগে ভয় করত ট্রাফিক যদি আটকায়! কিন্তু এখন তারা কিছু বলে না।’
৯ বছর বয়সী অটোরিকশাচালক সজীব আহমদ বলছে, ‘হোটেলে ৮-৯ ঘণ্টা কাজ করলে ১০০ টাকা পাই। অটোরিকশা চালালে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা। ৩০০ টাকা ভাড়া দিয়ে রিকশা আনছি। ট্রাফিক পুলিশ আটকালে পরে রিকশার মালিক ছাড়ায়ে নেয়।’
১৩ বছর বয়সী অটোরিকশাচালক জীবন বলছে, ‘আগে আমার বাবা চালাতেন। এখন তিনি অসুস্থ। অন্য কাজ থেকে রিকশা চালানোতে পরিশ্রম কম। তাই ৮ মাস ধরে রিকশা চালাচ্ছি।’
প্রাপ্তবয়স্ক অটোরিকশাচালক মোহন মিয়া বলেন, ‘ছোট শিশু হওয়ায় এরা রিকশার গতি নিয়ে কিছুই জানেনা। যখন-তখন ভিড়ের মধ্যে ওভারটেক করে এবং রিকশা ঘোরানোর চেষ্টা করে। এতে আমাদের রিকশা চালাতে বিড়ম্বনায় পড়তে হয়।’
পৌর এলাকার বাসিন্দা নাজমুল বারী সোহেল বলেন, ‘শিশু চালকেরা হঠাৎ করে সড়কের ওপর রিকশা ঘোরানোর জন্য প্রায়ই মোটরসাইকেল চালকেরা দুর্ঘটনার শিকার হয়।’
স্থানীয় বাসিন্দা ও ইয়াকুব তাজুল মহিলা কলেজের সাবেক অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য বলেন, ‘যেখানে লাইসেন্স ছাড়া যান্ত্রিক বাহন চালানো নিষেধ, সেখানে প্রকাশ্যে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোররা ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছে। অনভিজ্ঞ এসব শিশু কিশোররা অটোরিকশা চালাতে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি করছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। এখনই এসব নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
কুলাউড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ এনামুল হক বলেন, ‘আমি কুলাউড়ায় দুই দিন হয়েছে দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এরই মধ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা হয়েছে। আমরা অভিযানে মাঠে নামব এবং বিষয়টি নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাব।’

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির শক্ত অবস্থানের মুখে তারা সীমান্তের কাঁটাতারের এপারে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
১ ঘণ্টা আগে