Ajker Patrika

নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

সিলেট প্রতিনিধি
নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির
সিলেটে আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে এ দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে এনসিপি।

বুধবার (২৯ জুলাই) সিলেটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ। তিনি বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো ধরনের মব সৃষ্টি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তা নিশ্চিত করা না গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

জুনেদ আহমদ অভিযোগ করেন, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। রাজনৈতিক কর্মসূচি পালন প্রত্যেক দলের সাংবিধানিক অধিকার। কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও জানান, ৩০ ও ৩১ জুলাই সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসূচি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়।

জেলা পর্যায়ে মনোনয়ন পাওয়া নেতারা হলেন জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্যসচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খান, সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।

এ ছাড়া উপজেলা পর্যায়ে মনোনয়ন পেয়েছেন উসমানীনগরে হাজি মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জে উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাটে মনসুরুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত