Ajker Patrika

এক ঘাটে বিএনপি-জামায়াতের নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি  
এক ঘাটে বিএনপি-জামায়াতের নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি নিয়েছিল। একই স্থানে পৃথক আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়।

বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন,৭-৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭ তম নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি চলছিল। এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে একই স্থানে ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সবার সঙ্গে সমন্বয় করে নৌকাবাইচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের নৌকাবাইচ উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন,৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের আয়োজন থাকায় জটিলতা তৈরি হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাঁদের মানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে উপজেলা প্রশাসনের কাছে কেউই লিখিত আবেদন দেয়নি। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধ করার পরও যদি তাঁরা নৌকাবাইচের আয়োজন করতেন তাহলে লিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত