সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে খালাস দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইলের হিঙ্গানগর গ্রামের বসির উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশে যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে আটক করে পুলিশ।










