Ajker Patrika

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১
আটক সামছুল হক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে যাত্রীকে মারধর করে টাকা, মোবাইল ফোন ও ঘড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে জামতৈল রেলস্টেশনে ভুক্তভোগী যাত্রীর চিৎকারে একজনকে আটক করেছে স্থানীয়রা।

আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বদল রেললাইন দক্ষিণ কলাপাড়া এলাকায়। আর ভুক্তভোগী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

তানভীর আহমেদ জানান, চাকরির পরীক্ষা শেষ করে সকালে তিনি বাড়ি ফেরার জন্য কমলাপুর স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পথে একটি স্টেশনে বিরতি দিলে কিছু কেনার জন্য ট্রেন থেকে নামেন। পরে ভিড়ের কারণে ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি যমুনা রেলসেতু পার হওয়ার সময় দুজন তাঁকে ধরে মারধর করেন। এরপর তাঁর কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা, একটি ঘড়ি ও একটি স্মার্টফোন নিয়ে নেন।

তানভীর বলেন, ‘আমি তাঁদের অনুরোধ করি, মোবাইল ফোন ও ১০০ টাকা দেওয়ার জন্য। বাকি সব নিয়ে যান। পরে তাঁরা আমাকে ১০০ টাকা দিয়ে সব জিনিস নিয়ে নেন। পরে জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে তিনি চিৎকার করেন। এ সময় স্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে আটক করে। অপর ব্যক্তি পালিয়ে যায়।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত