
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় নদীতে চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন অর্ধলক্ষাধিক মানুষ। আয়-রোজগার খুব কম হলেও বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় এ পেশাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তাঁরা। তবে আইননিষিদ্ধ এ পেশা ত্যাগ করে বিকল্প কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য কর্মকর্তারা।
সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সাতক্ষীরা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কপোতাক্ষ, খোলপেটুয়া ও ইছামতী নদীতে মাছের পোনা ধরে জীবিকা নির্বাহ করেন জেলার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। তবে নদীতে ভেসে আসা রেণু পোনা সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ আইনত নিষিদ্ধ। ঘন জাল দিয়ে মাছের পোনা ধরায় জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে। জালে ধরা পড়ে বহু প্রজাতির পোনা। তা থেকে বেছে নেওয়া হয় চিংড়ি পোনা। এতে ভারসাম্য নষ্ট হয় অন্যান্য জলজ প্রাণীর।
সরেজমিনে দেখা গেছে, জোয়ারের সময় সাতক্ষীরার সবচেয়ে বড় তিন নদী কপোতাক্ষ, খোলপেটুয়া ও ইছামতীতে বাগদা ও গলদা চিংড়ির পোনা ধরতে নেমে যান অসংখ্য নারী-পুরুষ। আর পোনা ধরতে তাঁরা ব্যবহার করেন নেট দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের জাল। জালে আটকা পড়া ক্ষুদ্রাকৃতির গলদা ও বাগদা চিংড়ির পোনা তুলে গামলায় রাখেন। পরে ক্রেতাদের কাছে প্রতিটি ৪-৫ টাকা দরে বিক্রি করেন।
পোনা ধরা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছের পোনায় ব্যাপক উপকৃত হয়ে থাকেন মাছচাষিরা। তবে সামান্য আয়ে চলে না পোনা সংগ্রহকারীদের জীবন। দীর্ঘদিনের পেশা ছেড়ে বিকল্প কর্মসংস্থানেও যাওয়া হয় না তাঁদের। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে তাই অন্তর্ভুক্ত করার দাবি তাঁদের।
আশাশুনির প্রতাপনগর এলাকার বাসিন্দা আজমল হুদা বলেন, ‘আমার বয়স ৬৬ বছর। আমি ৪০ বছর মাছ ধরছি। আগে মাছ পড়ত বেশি, এখন পড়ে কম। সরকার যদি আমাদের সহযোগিতা করত, তবে আমরা চলতে পারতাম।’
দেবহাটার ইছামতী নদীতে মাছ ধরতে আসা নারী সখিনা খাতুন বলেন, ‘সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত মাছ ধরি। প্রতিটি ৪-৫ টাকা করে ক্রেতারা কিনে নিয়ে যায়। এতে আমার ১০০ টাকার মতো আয় হয়। আবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরি। এতে আমাদের সংসার কোনো রকমে চলে।’ আশাশুনির খোলপেটুয়া নদীতে মাছ ধরতে আসা হরপ্রসাদ রায় বলেন, ‘আগে গোনে (অমাবস্যা-পূর্ণিমা) প্রচুর মাছ পেতাম। এখন গোন এলে ৫ দিনের জায়গায় ২-৩ দিন পাই। যা পাই, তাতে কোনো রকমে চলে।’
হতদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী রয়েছে সরকারের। তবে সাতক্ষীরার এই বিপুলসংখ্যক জনগোষ্ঠী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের দাবি সরকারি সহযোগিতার। এ বিষয়ে আশাশুনির দৃষ্টিনন্দন এলাকার বাসিন্দা আব্দুল গফুর বলেন, ‘৪-৫ বছর আগে একটা কার্ড পেয়েছিলাম। পরে আর খোঁজ নেই। খুবই কষ্টের মধ্যে চলে। পুরো বয়সটা তো নদীতে কাটালাম। এখন প্রতিদিন পোনা বেচে শখানেক টাকা হয়, তা দিয়েই চলতে হয়।’
বাগদা ও গলদা পোনায় ব্যাপক উপকৃত হন মাছচাষিরা। এ প্রসঙ্গে আশাশুনির খাজরা এলাকার মাছচাষি রেজাউল ইসলাম বলেন, ‘নদী থেকে আহরিত পোনা খুবই পুষ্ট ও মানসম্মত। এ ছাড়া বিভিন্ন কারণে মাঝেমধ্যে পোনাসংকট দেখা দেয়। তখন আমাদের ভরসা নদী থেকে সংগৃহীত পোনা।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা জলবায়ু পরিষদের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, ‘চিংড়ির পোনা প্রাকৃতিক উৎস থেকে ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ একটি চিংড়ি পোনা ধরতে গিয়ে ৪০ ধরনের জলজ পোনা ধরা পড়ে। তবে আইন করে এসব গরিব মানুষের পেটে মারা ঠিক হবে না। তাদের বিকল্প কর্মসংস্থানের দিকে জোর দিতে হবে।’
মাছ ধরা এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার আহ্বান জানান জেলা মৎস্য অফিসার জি এম সেলিম। তিনি বলেন, ‘জেলার বহু মানুষ নদীতে পোনা ধরে জীবিকা নির্বাহ করেন। আমরা মাঝেমধ্যে তাঁদের বিরুদ্ধে অভিযান চালাই। তবে তাঁদের জন্য যে কাজটা করতে হবে, সেটা হলো জেলা ও উপজেলা পর্যায়ে অনেকগুলো সাপোর্টিং প্রোগ্রাম রয়েছে। এ বিষয়ে আমরাও প্রশাসনিক কর্মকর্তাদের বলি, এই মানুষদের যদি সেফটি নেটের মধ্যে আনা যায়, তবে তাঁরাও উপকৃত হবেন। অন্যদিকে মাছের যে প্রাকৃতিক উৎস, সেগুলোও নিরাপদ থাকবে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৭ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১৩ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২৭ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
১ ঘণ্টা আগে