Ajker Patrika

তালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় সার ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় যাচাইয়ের দাবি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলাম। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া বাতিল ও পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছেন এক ব্যবসায়ী।

আজ সোমবার সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলাম। তিনি উপজেলার বারুইহাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে।

লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম বলেন, তিনি প্রায় ১৭ বছর ধরে তালা বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা করছেন। সরকার নতুন করে সার ডিলার নিয়োগের নির্দেশনা দেওয়ার পর অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে প্রকৃত ব্যবসার অভিজ্ঞতা নেই—এমন ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

শাহিনুর ইসলাম দাবি করেন, বারুইহাটি গ্রামের মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অথচ তাঁর পর্যাপ্ত ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। শাহিনুরের অভিযোগ, মামুনের বাবা সরকারি প্রতিষ্ঠান বিআরডিবির চেয়ারম্যান এবং মা সরকারি চাকরি থেকে পেনশনভোগী। তাঁর আপন ভাইও সার সাবডিলার হিসেবে ব্যবসা করেন।

শাহিনুর আরও অভিযোগ করেন, ডিলার নিয়োগের আগে গুদাম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কক্ষে ইরানি হোমিও ফার্মেসির কার্যক্রম চলছিল। পরে ওই কক্ষটিকেই সারের গুদাম হিসেবে দেখানো হয়। তাঁর দাবি, এ ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই, অভিযোগ তদন্ত এবং বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়া ও কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, নতুন করে তদন্তের নির্দেশনা পেলে তাঁর দপ্তর থেকে যথাযথভাবে তদন্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত