Ajker Patrika

ব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২১: ৪০
 ব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটি
ভারতকে অক্টোবরে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ব্রাজিল, উরুগুয়ে, পানামাকে আতিথেয়তা দিতে গিয়ে মোটা অঙ্কের টাকা ক্ষতি হচ্ছে ভারতের।

লাতিন আমেরিকার তিন দলকে আতিথেয়তা দিতে গিয়ে এআইএফএফের ৮০ থেকে ৮৫ কোটি রুপি ক্ষতি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১২ কোটি টাকা। এই আর্থিক ঘাটতি সামাল দিতে ফেডারেশনের স্থায়ী আমানত (এফডিআর) ভাঙানোর প্রস্তাব দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে গতকাল অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (এসজিবিএম) চৌবের প্রস্তাবের বিরোধিতা করেন ফেডারেশনের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য ফুটবল সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ, তিনি (চৌবে) বলেছেন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো আয়োজনের কারণে যে আর্থিক ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতে তিনি এআইএফএফের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ উত্তোলন করতে চান। পরে তিনি (চৌবে) এ কথাও জানান যে বাইরের বিভিন্ন উৎস থেকে অর্থের ব্যবস্থা করবেন তিনি। এফডি থেকে উত্তোলন করা অর্থ পরে ফেরত দেবেন।’

তবে আর্থিক ঘাটতির সঠিক পরিমাণ বৈঠকে উপস্থিত সদস্যদের জানানো হয়নি। ওই কর্মকর্তা জানান, ম্যাচগুলোর আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তিতে গোপনীয়তার শর্ত থাকায় এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। ফেডারেশন সদস্যদের কয়েকজনের মতে, জরুরি পরিস্থিতি ছাড়া এআইএফএফের স্থায়ী আমানতের অর্থ ব্যবহার করা উচিত নয়। অনলাইন সভায় এআইএফএফের সহসভাপতি এনএ হারিসও প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি জানান, ফেডারেশনের নির্বাহী কমিটি আগেই স্থায়ী আমানত না ভাঙানোর সিদ্ধান্ত নিয়েছিল।

আসিয়ান কাপে না খেলে ভারত সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিল, পানামা, উরুগুয়েকে আতিথেয়তা দিয়েছিল। যার মধ্যে পানামার বিপক্ষে ড্র করেছিল ভারত। আর ব্রাজিলের খাবারদাবারের জন্য ভেটকি মাছ, টার্কি, মুরগি, ল্যাম্বের ব্যবস্থা করেছিল ভারত। ব্রাজিলের সঙ্গে ফুটবলে প্রথমবারের দেখায় ৪-০ গোলে হেরেছিল ভারত।

এবার সাফে ভারত পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল। এই সময়ে তাদের মূল দল নিউজিল্যান্ড সফরে যাবে। পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সাফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত