Ajker Patrika

রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান, মিলল চাকরিতে অনিয়মের সত্যতা

রংপুর প্রতিনিধি
রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান, মিলল চাকরিতে অনিয়মের সত্যতা
রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সাবেক পরিচালক আমীর আলীর দায়িত্বকালে এমপিওভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের দুজনের এমপিও-সংক্রান্ত নথি যাচাই করে এ তথ্য জানায় দুদক।

দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম নুরে আলম বলেন, ‘সাবেক পরিচালক আমীর আলীর কর্মকাণ্ডের বিষয়ে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যালয়ের নথিপত্র যাচাই করা হয়েছে। এতে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের হাবিবুর রহমান ও নীলফামারীর মীরগঞ্জ হাট ডিগ্রি কলেজের ফৌজিয়া আক্তারের এমপিওভুক্তির ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁদের এমপিওভুক্তির জন্য ভুয়া কাগজপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।’

দুদকের এই কর্মকর্তা বলেন, ‘আরও কয়েকজনের নথি যাচাইয়ের চেষ্টা করা হয়েছিল। তবে প্রায় দুই ঘণ্টা ধরে সংশ্লিষ্ট সফটওয়্যার কাজ না করায় এবং অনেক নথির হার্ডকপি কার্যালয়ে সংরক্ষিত না থাকায় তাৎক্ষণিকভাবে সেগুলো যাচাই করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় নথি সংরক্ষণ এবং কার্যক্রম আধুনিক করার বিষয়ে বর্তমান কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের বর্তমান পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ বলেন, ‘সাবেক পরিচালকের অবসরে যাওয়ার আগের সময়ের কিছু কাজ নিয়ে দুদক তথ্য জানতে চেয়েছে। এর মধ্যে নীলফামারীর মীরগঞ্জ হাট ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক পদে নিয়োগ এবং কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের এমপিও-সংক্রান্ত বিষয় রয়েছে।’

তিনি বলেন, ‘মীরগঞ্জ হাট ডিগ্রি কলেজের এমপিও-সংক্রান্ত বিষয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। এতে ওই এমপিওর আইনি বৈধতা পাওয়া যায়নি। তাই পুনরায় আবেদন করা হলেও তা অনুমোদন করা হবে না।’

অধ্যাপক গোলাম মাজেদ আরও বলেন, ‘কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের একজনের এমপিও বাতিলের জন্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত