
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গন। এই হামলার ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করেন।
রংপুর নগরীর পায়রা চত্বরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করলে রাত দেড়টার দিকে সেখানে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা ১ মিনিট) সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিএনপি নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর সদস্যরা পায়রা চত্বরে অবস্থান করছিলেন। পুরো এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী।
এর আগে, জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন ইমতিয়াজ ও ইমরান। সেখান থেকে ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তাঁরা।
মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন করে আমাদের অবস্থান জানতে চাওয়া হয়। আমরা পায়রা চত্বরে আছি জানালে তাঁরা সেখানে উপস্থিত হন। তাঁরা আমাদের কাছে হামলার সময়কার ভিডিও ও ছবি দেখিয়ে হামলাকারীদের শনাক্তে সহযোগিতা চান।’
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন এবং জেলা সদস্যসচিব আনিছুর রহমান লাকুকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
শামসুজ্জামান সামু বলেন, ‘সেনাবাহিনী জানতে চেয়েছে, হামলায় বিএনপি-সংশ্লীষ্ট কেউ ছিল কি না। আমরা ভিডিও দেখে একজনকে শনাক্ত করেছি। আমাদের কেউ জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
রাত ১টার দিকে এনসিপি নেতা সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে।’
এর আগে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়ার বাসভবন দ্য স্কাই ভিউতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় পার্টির পক্ষ থেকে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে যান জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ আলী। এ সময় মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে রাত ১১টার দিকে ২২ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এজাহার গ্রহণ করেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বক্তব্য দেন। তিনি এনসিপি নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ডের আল্টিমেটাম দেন।
এদিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে হামলাসংক্রান্ত একটি মামলার আবেদন করেছেন এনসিপি রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন।
রংপুরে এই রাজনৈতিক উত্তেজনা ও সেনা হস্তক্ষেপ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত চললেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো মামলা রুজু হয়নি বলে জানা গেছে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১৮ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪২ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে