Ajker Patrika

পর্যটকদের নিরাপত্তায় কাপ্তাইয়ের সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
পর্যটকদের নিরাপত্তায় কাপ্তাইয়ের সংরক্ষিত বনে প্রবেশে নিষেধাজ্ঞা
কাপ্তাই রেঞ্জের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা-সংবলিত বিলবোর্ড স্থাপন করেছে বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর আবাসস্থল রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাপ্তাই রেঞ্জের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা-সংবলিত বিলবোর্ড স্থাপন করেছে বন বিভাগ।

সাম্প্রতিক সময়ে কাপ্তাইয়ের পাহাড় ও বনাঞ্চলে ঘুরতে এসে পর্যটকদের দুর্ঘটনার শিকার হওয়া এবং পথ হারিয়ে বিপদে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

২০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহর থেকে কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা কর্ণফুলী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

এর আগে গত ২৯ আগস্ট সংরক্ষিত বনাঞ্চলের সীতার পাহাড়ে ঘুরতে গিয়ে সন্ধ্যায় পথ হারান চার পর্যটক। পাহাড় থেকে নামার সময় তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন। এতে পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি বনাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

কাপ্তাই রেঞ্জের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা-সংবলিত বিলবোর্ড স্থাপন করেছে বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা
কাপ্তাই রেঞ্জের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা-সংবলিত বিলবোর্ড স্থাপন করেছে বন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলে অনুমতি ছাড়া পর্যটকদের প্রবেশের কারণে সাম্প্রতিক সময়ে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকেরা পথ হারিয়ে ফেলছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অভিযান পরিচালনা করতে হচ্ছে।’ তিনি বলেন, সংরক্ষিত বনাঞ্চলের নিরাপত্তা, বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা বন বিভাগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংরক্ষিত এলাকায় পর্যটকদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিনিষেধ মেনে চলতে হবে। বন বিভাগের অনুমতি ছাড়া দুর্গম পাহাড়ি এলাকা ও সংরক্ষিত বনের ভেতরে প্রবেশ না করার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত