Ajker Patrika

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত
ভাঙচুর করা রেস্তোরাঁ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর এবং পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরের বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফয়েজ ককটেল বা হাতবোমার বিস্ফোরণে পায়ে আঘাত পান। তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় কয়েকজন তরুণ বিনোদপুর বাজারের বাংলা টিফিন রেস্তোরাঁয় খেতে যান। ওই সময় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে আরও কিছু তরুণকে নিয়ে গিয়ে তাঁরা ওই রেস্তোরাঁয় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়। তখন পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে অন্তত তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব বলেন, ‘ঘটনার সময় ছিলাম না। পরে শুনলাম, রেস্তোরাঁয় খেতে আসা ব্যক্তিকেই থাপ্পড় দিয়েছেন রেস্টুরেন্টের কর্মী। এখন তাদেরও তো আত্মীয়স্বজন আছে। তারা এসেছে। এই হলো বিষয়। আমরা এটা মীমাংসা করব।’

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন-চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে রাত সাড়ে ১০টার মধ্যে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

ওসি বলেন, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রেস্তোরাঁর মালিকও হামলার ঘটনায় আলাদা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত