
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম মুন্না নামে এক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে ক্যাম্পাস থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় যানটি উদ্ধার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার মুন্না আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, পেশায় ইলেকট্রিক্যাল মিস্ত্রি রবিউল ইসলাম মুন্না অন্যের লাইসেন্স ব্যবহার করে রাজশাহী গণপূর্তের বিদ্যুৎ বিভাগে ঠিকাদারি কাজ করতেন। বুধবার হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) পুরোনো তার পরিবর্তনের কাজ সম্পন্ন করেন তিনি। এ কাজে প্রায় সাড়ে ৯ লাখ টাকার নতুন তার ব্যবহার করা হয়।
কাজ শেষ হওয়ার পর ডেকোরেশনের পুরোনো তারগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটির চালক এবং অন্য এক ঠিকাদার মো. ময়না জানান, সংঘর্ষের পর সন্দেহ হলে তিনি তারের গন্তব্য সম্পর্কে খোঁজখবর নেন এবং জানতে পারেন এগুলো মুন্নার বাড়িতে নেওয়া হচ্ছে।
ঠিকাদার ময়না বলেন, ‘অন্তত পাঁচ লাখ টাকার পুরোনো তার চুরির উদ্দেশ্যে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি প্রকৌশলীকে জানানোর পর মুন্নাকে ডাকা হলেও তিনি উপস্থিত না হয়ে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যান। পরে সামান্য কিছু তার ফেরত পাঠানো হয়।’
অভিযোগের বিষয়ে গণপূর্ত বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী আবু সিনা মো. মাসুম জানান, পারিবারিক জরুরি কাজের সুযোগে মুন্না পুরোনো তারগুলো সরিয়ে নিচ্ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কিছু তার উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযুক্ত রবিউল ইসলাম মুন্নার বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ নিয়ে লিখিত কোনো অভিযোগ বা মামলা হয়নি।
হাসপাতালের চুরির প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও এ ঘটনা সম্পর্কে এখনো অবগত নন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে