বেলকুচিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো দৌলতপুর ইউনিয়নের মতিমার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে রাফি (৬) ও একই এলাকার হাসমতের ছেলে সৌরভ (৫)।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে রাফি ও সৌরভ একসঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। খেলার কোনো এক সময় পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা টের পেয়ে পুকুর থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ‘ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমরা খোঁজ নিচ্ছি।’









