Ajker Patrika

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে
ফাইল ছবি

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাত কাটাতে আসা দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে। অভিযুক্ত সিপাহি আমিনুল ইসলাম পলাশ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ভুক্তভোগী দুই যাত্রীর একজন রুবেল (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামে। অপরজন মো. অলিউল্লাহ, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামে। তাদের অভিযোগ, গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহীতে পৌঁছান ওই দুই যাত্রী। রাত বেশি হওয়ায় অন্য কোথাও না গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

সেখানে বসে খাবার খাওয়ার সময় তাঁদের কাছে যান আরএনবির সিপাহি আমিনুল ইসলাম পলাশ ও তাঁর সঙ্গে থাকা আরও দুজন। ওই তিনজন দুই যাত্রীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যান।

ঘটনার পর ওই রাতেই আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন দুই যাত্রী। এরপর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহি তাঁদের সঙ্গে আপসরফার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় তিনি স্টেশন ছেড়ে চলে যান। এরপর বৃহস্পতিবার সারা দিন তাঁকে আর স্টেশনে দেখা যায়নি। অভিযুক্ত আমিনুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে সিপাহি আমিনুল ইসলাম ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে দুই যাত্রীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। তিনি আরও বলেন, আগামী রোববার অফিস খোলার পর রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতি নিয়ে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত